নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাল্য বিবাহের কথা কানে এলেই তা দ্রুত স্থানীয় পুলিসকে জানান। এই ব্যাধি রুখতে হলে সচেতনতার পাশাপাশি কড়া আইনি পদক্ষেপ করাও জরুরি। তাহলে এই প্রবণতায় কিছুটা হলেও রাশ টানা সম্ভব। বুধবার কলকাতার কিরণশঙ্কর রায় রোডে আদালত ভবনে এক আলোচনাসভায় এই মন্তব্য করেন বিশিষ্টরা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের বিভিন্ন থানার আধিকারিক, কলকাতা জেলা লিগ্যাল এইড সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
Advertisement
আলোচনায় অনেকেই বলেন, বিয়ের নাম করে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হচ্ছে। হচ্ছে পাচারও। এক্ষেত্রে অভিভাবকদেরই আগে সচেতন হতে হবে। না হলে বাল্য বিবাহ আটকানো অসম্ভব। কলকাতা পুলিসের আধিকারিকদের বক্তব্য, এমন কোনও ঘটনার কথা কানে এলে আপনারা সবার আগে পুলিস ও প্রশাসনকে জানান। আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আলোচনা সভায় চিৎপুর এলাকার এক নাবালিকার বিয়ে কীভাবে রুখে দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গ তোলেন কলকাতা লিগ্যাল এইডের প্রতিনিধি।



