Bartaman Logo
২৭ মে, ২০২৬

বালাসাহেবের রাজনৈতিক উত্তরাধিকারের লড়াইয়ে অ্যাডভান্টেজ একনাথ সিন্ধে

বালাসাহেবের রাজনৈতিক উত্তরাধিকারের লড়াইয়ে অ্যাডভান্টেজ একনাথ সিন্ধে
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: কারা প্রকৃত শিবসৈনিক? গদ্দার কারা? বালাসাহেব থ্যাকারের প্রকৃত রাজনৈতিক উত্তরাধিকারিই বা কে? উদ্ধব থ্যাকারে, নাকি একনাথ সিদ্ধে। শিবসেনার অভ্যন্তরীণ লড়াইয়ের অঙ্গ হিসেবে গোটা প্রচারপর্বে ঘুরে ফিরে এসেছে এই প্রশ্নগুলিই। যুক্তি, পাল্টা যুক্তির লড়াই চলেছে। প্রাক্তন বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর এই লড়াইয়ে আপাতত এগিয়ে রইলেন দ্বিতীয় জনই। একনাথ সিন্ধে। লোকসভা ভোটের খারাপ ফল এখন অতীত। বিধানসভা ভোটের ফলে জনতার আশীর্বাদ পেলেন বালাসাহেবের হাতে গড়া দলের ‘কর্মী’ একনাথ সিন্ধে। মুখ থুবড়ে পড়লেন পুত্র উদ্ধব থ্যাকারে।
Advertisement
দলীয় প্রতীক তির-ধনুক আগেই হাতছাড়া হয়েছিল উদ্ধবের। তবে লোকসভা ভোটের সাফল্যের পর উদ্ধব গোষ্ঠীর আশা ছিল, জনগণ বাল থ্যাকারের উত্তরাধিকারি হিসেবে তাদেরই বেছে নিয়েছে। সেই কারণেই প্রতি মূহূর্তে একনাথ শিবিরকে গদ্দারের তকমা দেওয়া হয়েছে। কিন্তু লোকসভা ভোটের সেই সাফল্য ছ’মাসেই ফিকে। বিধানসভা ভোটের ফলে দেখা যাচ্ছে, নিভেছে উদ্ধবের ‘মশাল’। শুধু আসন সংখ্যায় নয়, জয়ের স্ট্রাইক রেটেও উদ্ধব শিবিরকে গোলের মালা পরিয়েছেন একনাথ সিন্ধে। মুখ্যমন্ত্রী সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা ৮১টি আসনে লড়ে জয়ী হয়েছে ৫৭টিতে। অর্থাৎ তাঁর শিবিরের জয়ের স্ট্রাইক রেট ৭০ শতাংশ। অন্যদিকে উদ্ধবের নেতৃত্বাধীন শিবির প্রার্থী দিয়েছিল ৯২টিতে। জয়ী হয়েছে মাত্র ১৮টিতে। অর্থাৎ তাঁর জয়ের স্ট্রাইক রেট সাকুল্যে ২০ শতাংশ। বিধানসভা ভোটে উদ্ধব শিবিরের থেকে তিনগুণ বেশি আসনে জয়ী হয়েছে তাঁর মুখ্যমন্ত্রী সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা। অর্থাৎ, শিবসেনার রাশ ও বালাসাহেবের ‘রাজনৈতিক উত্তরাধিকারে’র লড়াইয়ে আপাতত অ্যাডভান্টেজ একনাথ সিন্ধে। তাহলে কি সিন্ধের বিরুদ্ধে ‘গদ্দার’ প্রচারই উদ্ধবের জন্য ব্যুমেরাং হল? বিধানসভা ভোটের এই ফল সেই প্রশ্নই তুলে দিচ্ছে।    
সম্পর্কিত সংবাদ