সংবাদদাতা, পতিরাম: ১৪ ফেব্রুয়ারি হিলির সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ। এরপর গোপন ডেরায় আশ্রয়। তারপর বালুরঘাট রেলস্টেশন থেকে সোজা দিল্লি যাওয়ার চেষ্টা। কিন্তু ট্রেন ধরার কিছুক্ষণ আগেই বালুরঘাট জিআরপি থানার পুলিসের হাতে ধরা পড়ল সেই বাংলাদেশি যুবক। ধৃতের নাম শাকিল মিয়াঁ। বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়ায়। সে শনিবার বিকেলে স্টেশনে এসে দিল্লি ও কলকাতাগামী ট্রেনের খোঁজখবর নেয়। এরপর দিল্লির ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এদিকে তাকে দেখে পুলিসের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে ভারতীয় বলে পরিচয় দিলেও জিআরপি থানার পুলিসের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অবশেষে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। যদিও ওই যুবকের কাছে কোনও নথি মেলেনি। পুলিস তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। এদিকে বারবার বালুরঘাটে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে।
Advertisement
বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকার বলেন, সন্দেহজনকভাবে ওই যুবক ঘোরাফেরা করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় সে বাংলাদেশি। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে কোনও বৈধ নথি মেলেনি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে খবর, ওই যুবকের বয়স ২২ বছর। পুলিসি জিজ্ঞাবাদে প্রথমে সে নিজেকে ভারতীয় বলে দাবি করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তার বাড়ি বাংলাদেশে বলে জানিয়েছে। তার দাবি, কাজের খোঁজে এদেশে অনুপ্রবেশ করেছে। কিন্তু আদৌ কাজের জন্য নাকি অন্য কোনও মতলবে সে অনুপ্রবেশ করেছে তা নিশ্চিত হতে পুলিস তদন্ত শুরু করেছে। পুলিসের সন্দেহ, কোনও দালালচক্রের মাধ্যমে সে এদেশে এসেছে।