Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট শহরের রাস্তা সংস্কারে ২ কোটি ২৫ লক্ষের ওয়ার্ক অর্ডার

বালুরঘাট শহরের রাস্তা সংস্কারে ২ কোটি ২৫ লক্ষের ওয়ার্ক অর্ডার
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে বিভিন্ন ওয়ার্ডের অলিগলির রাস্তা বেহাল। বেহাল রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য। বেহাল রাস্তা সংস্কার সহ একাধিক কাজের জন্য ২ কোটি ২৫  লক্ষ টাকা ব্যয় করা হবে। শহরের ন’টি ওয়ার্ডে ওই কাজ হবে। মূলত এই বরাদ্দকৃত টাকায় সিসি রোড, কংক্রিটের রাস্তা, পেভার ব্লক সহ অন্যান্য কাজ হবে। মঙ্গলবার ওই প্রকল্পগুলির ওয়ার্ক অর্ডার দিল বালুরঘাট পুরসভা। ওই কাজের ওয়ার্ক অর্ডার ঠিকাদারদের হাতে তুলে দিলেন পুরসভার জনপ্রতিনিধিরা। 
Advertisement
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহরের রাস্তা ও বেশকিছু কাজের জন্য আমরা রাজ্যের পুরদপ্তরে প্রস্তাব পাঠিয়েছিলাম। ওই কাজের জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজে রাস্তা, পেভার ব্লক ও পেভমেন্ট তৈরি হবে। পাশাপাশি শহরে বিভিন্ন ওয়ার্ডের নির্মল সাথী ও নির্মল বন্ধু, ওয়ার্ড সুপার ভাইজারদের হাতে ড্রেস কোড তুলে দেওয়া হয়। ফলে পুরসভার কর্মীদের কাজের ক্ষেত্রে আরও সুবিধা হবে।
বালুরঘাট পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে বালুরঘাট শহরে ১২টি ওয়ার্ডের প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ড্রেনের কাজ শুরু হয়েছে। এদিকে শহরে আরও বেশকিছু ওয়ার্ডেই রাস্তার কাজ বাকি রয়েছে। বালুরঘাট শহর জুড়ে জলের পাইপলাইন বসেছে। তাই অনেক জায়গাতেই অলিগলির রাস্তা বেহাল হয়ে পড়েছে। এনিয়ে সমস্যায় পড়েন বাসিন্দারা। তাই ওই রাস্তার কাজের জন্য রাজ্যের তরফে ২ কোটি টাকার বেশি অনুমোদন মিলেছে। এদিন ওই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হল। দ্রুত ওই কাজগুলি শেষ করার নির্দেশ দিয়েছে পুরসভা। পুরসভা জানিয়েছে, ১, ৫, ১১, ১৫, ১৮, ১৯, ২২, ২৩, ও ২৪ -এই ন’টি ওয়ার্ডে কাজগুলি হবে। 
অন্যদিকে শহরের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন দেখভালের জন্য নির্মল সাথী এবং নির্মল বন্ধু নিয়োগ করা হয়েছে। সেই কর্মীদের ড্রেস কোড দেওয়া হয়েছে। বালুরঘাটের সুবর্ণতটে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ছাড়াও এমসিআইসি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ, অনোজ সরকার সহ অন্যান্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ