সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার ভূগোল পরীক্ষা চলাকালীন বিপত্তি দুই মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা চলাকালীন এক মাধ্যমিক পরীক্ষার্থীর হঠাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। অসুস্থ ওই পরীক্ষার্থীকে পতিরাম গার্লস হাইস্কুল থেকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। সেখানে বসেই বাকি পরীক্ষাটুকু দেয় ওই ছাত্রী। হাসপাতাল সূত্রে খবর, ওই ছাত্রীর নাম তসলিমা খাতুন। সে পতিরাম থানার বোল্লা আর কে স্কুলের ছাত্রী। সে বালুরঘাট জেলা হাসপাতালে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা দেয়। পরে শারীরিক অবস্থা উন্নতি হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
অন্যদিকে, বালুরঘাটের নামাবঙ্গী হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে আর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্রীর পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা শুরু হয়। অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে অবশেষে শিক্ষকদের জানায়। সেখান থেকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ওই ছাত্রীকে। ওই ছাত্রীর নাম অনন্যা সিংহ। সে বালুরঘাট শহরের আশুতোষ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বর্তমানে সে জেলা হাসপাতালের ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছে। আশুতোষ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা দাস বলেন, শুনেছি, শেষ হওয়ার আগেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ওই ছাত্রী। এরপর তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



