Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার হয়ে সোনা জয় নবদ্বীপের অদ্রিজা ও মনীষার

বাংলার হয়ে সোনা জয় নবদ্বীপের অদ্রিজা ও মনীষার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: ৬৮তম ন্যাশনাল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসে আবারও নবদ্বীপের সাফল্য। অ্যাক্রোব্যাটিকস জিমন্যাস্টিকসে জাতীয়স্তরে বাংলার হয়ে সোনা জয় করল নবদ্বীপের দুই প্রতিযোগী অদ্রিজা ও মনীষা। তারা ওমেন্স পেয়ার ইভেন্টে প্রথম স্থান অধিকার করে বাংলাকে এই সোনা এনে দিয়েছে। এবছর ৬৮তম জাতীয় স্কুল গেমস প্রতিযোগিতাটি তিনটি জায়গায় অনুষ্ঠিত হয়। কলকাতার সাই প্রশিক্ষণ কেন্দ্র, সাউথ ইস্টার্ন রেলওয়েজের বিএনআর জিমন্যাসিয়াম এবং হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে। গত ৬ জানুয়ারি সাউথ ইস্টার্ন রেলওয়েজের বিএনআর জিমন্যাসিয়ামে অ্যাক্রোব্যাটিকস জিমন্যাস্টিকস অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বাংলা সহ দেশের ২০টি রাজ্য থেকে অ্যাক্রোব্যাটিকস, রিদমিক এবং আর্টিস্টিক জিমন্যাস্টিকস  প্রতিযোগিতায় প্রায় ৭০০জন অংশ নেয়। অ্যাক্রোব্যাটিকস জিমন্যাস্টিকসে পাঁচটি ইভেন্টে ওমেন্স পেয়ার, মেনস পেয়ার, মিক্সড পেয়ার, ওমেন্স ট্রায়ো এবং মেনস গ্রুপ মিলিয়ে মোট ১৩জন প্রতিযোগী বাংলা থেকে অংশগ্রহণ করে। এর মধ্যে নদীয়া নবদ্বীপের তারা সুন্দরী গার্লস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী অদ্রিজা পোদ্দার ও অষ্টম শ্রেণির ছাত্রী মনীষা দেবনাথ ওমেন্স পেয়ার ইভেন্টে সোনা জয় করেছে। বাকি চারটি ইভেন্ট থেকেও এরাজ্যের প্রতিযোগীরা পেয়েছে সোনা। পূর্ব বর্ধমানের থেকে তিনটি এবং বাঁকুড়া থেকে একটি বিভাগে পদক এসেছে। অ্যাক্রোব্যাটিকসের পাঁচটি ইভেন্টের মধ্যে রাজ্যের প্রতিযোগীরা পাঁচটিতেই সোনা জয়লাভ করায় খুশি জিমন্যাস্টিকস মহল। পাশাপাশি অদ্রিজা ও মনীষার এই কৃতিত্বে খুশি তাদের ক্লাব নবদ্বীপ দেহ সৌষ্ঠবের ছাত্রছাত্রী এবং প্রশিক্ষকরা। অ্যাক্রোব্যাটিকস জিমন্যাস্টিকের ইন্টারন্যাশনাল বিচারক তথা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অরূপ  দাস বলেন, এবছর এরাজ্য থেকে ১৩জন প্রতিযোগী এই অ্যাক্রোব্যাটিকস প্রতিযোগিতায় অংশ নেয়। ১৩জনই স্বর্ণপদক লাভ করেছে। আমরা এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকে তাকিয়ে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ