সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের হাজিপুরের বিজেপির পঞ্চায়েত সদস্য পিঙ্কি মুরারি বাংলার আবাস যোজনার ঘর পেলেন। এজন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। পিঙ্কি মুরারির বাবা অমল মুরারি ইটভাটার শ্রমিক। ভাই অভাবের তাগিদে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। মাটির ঘরে ছোট থেকে বসবাস। অভাবের কারণে ইটের বাড়ি করতে পারেনি। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে হাজিপুর সংসদ থেকে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করার কারণে আবাসের তালিকা থেকে নাম কাটা যাবে বলে তিনি আশঙ্কায় ছিলেন। কিন্তু আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই চোখ কপালে ওঠে পিঙ্কির। বাড়ি তৈরি করতে পারবে ভেবে অবাক পরিবারের সদস্যরা। অবশেষে হাজিপুর সংসদের বাংলা আবাসের তালিকায় এক নম্বরে স্থান করে নিয়েছে হতদরিদ্র পরিবারটি। অবশেষে সরকাজর ঘর মেলায় খুশিতে আপ্লুত পরিবারটি। পঞ্চায়েত সদস্য পিঙ্কি মুরারি বলেন, আমি বিজেপির পঞ্চায়েত সদস্য হলেও বাংলা আবাস যোজনায় আমাকে ঘর পাইয়ে দিতে সাহায্য করেছে তৃণমূল নেতৃত্ব। ডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি কৌশিক চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলমত নির্বিশেষে সকলেই সুযোগ সুবিধা পেয়েছেন ও পাচ্ছেন। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।



