Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাংলার বাড়ি প্রকল্প: টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি? পরিদর্শন বিডিওর

বাংলার বাড়ি প্রকল্প: টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি? পরিদর্শন বিডিওর
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলি স্থায়ী বাসস্থান পাবে। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা হয়। ইতিমধ্যে এই প্রকল্পে সমীক্ষা করে যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ হয়েছে। ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেও গিয়েছে। সেই টাকায় বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন অনেকে। শনিবার উলুবেড়িয়া এক নম্বর ব্লকে সেই কাজ পরিদর্শন করলেন বিডিও রিয়াজুল হক। তিনি হীরাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি তৈরির কাজ পরিদর্শন করেন। ব্লক প্রশাসন সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পে ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতে দু’হাজার ১৩৪ জন উপভোক্তার বাড়ি হচ্ছে। যার মধ্যে ৯৮ জন ‘মুখ্যমন্ত্রীকে বলো’তে সরাসরি আবেদন জানিয়েছিলেন। বিডিও জানান, যে উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে গিয়েছে তাঁরা কাজ শুরু করেছেন কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন করা হল। বাড়ি তৈরি শুরুর আগে উপভোক্তাদের নিয়ে একটা শিবির হয়েছিল। সেখানে প্রত্যেককে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, এই টাকা দিয়ে বাড়ি ছাড়া অন্য কিছু করা যাবে না। তারপর উপভোক্তারা বাড়ি তৈরিতেই প্রকল্পের টাকা ব্যবহার করছেন কি না জানতেই এই পরিদর্শন। ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়মিত এই কর্মসূচি চলবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ