সংবাদদাতা, বসিরহাট: বাংলার বাড়িকে কেন্দ্র করে শরিকি সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল শাসকদলের পঞ্চায়েত সদস্যের স্বামীর। এই ঘটনায় পুলিস একজনকে আটক করেছে। স্বরূপনগর ব্লকের শাড়াপুল নির্মাণ পঞ্চায়েতের নির্মাণ গ্রামে বাংলার বাড়িকে কেন্দ্র করে সোমবার দুই উপভোক্তার মধ্যে ঝামেলা, হাতাহাতি শুরু হয়। তা মেটাতে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মানস গায়েন। ঘটনাস্থলে আসে পুলিস। অভিযোগ এদিন পুলিসের সামনেই মানস গায়েনকে বেধড়ক মারধর করা হয়। বাঁশ দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
এই বিষয়ে শাড়াপুল নির্মাণ পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বলেন, এদিন সকালে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা অশোক বৈদ্যের সঙ্গে তার ভাই পরিতোষ বৈদ্যের শরিকি ঝামেলা শুরু হয়। ওই বিবাদ মেটাতে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মানস গায়েন। সেখানেই পিছন দিক থেকে বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার পর পুলিস একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।



