Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নড়েচড়ে বসল সিউড়ি পুরসভা

বোলপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে সিউড়ি পুরসভা কর্তৃপক্ষ নড়েচড়ে বসল। শুক্রবার দুপুরে পুলিস ও দমকলের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিভিন্ন আবাসন পরিদর্শন করেন।

বোলপুরের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নড়েচড়ে বসল সিউড়ি পুরসভা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বোলপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে সিউড়ি পুরসভা কর্তৃপক্ষ নড়েচড়ে বসল। শুক্রবার দুপুরে পুলিস ও দমকলের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিভিন্ন আবাসন পরিদর্শন করেন। বেশকিছু ত্রুটি তাঁদের নজরে পড়েছে। ঘটনায় পুরসভার চেয়ারম্যান নির্মাণ সংস্থাকে সতর্ক করেছেন। দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন। পুরসভার দাবি, আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় সারপ্রাইজ ভিজিট করা হবে। আবাসনের পাশাপাশি শপিংমলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে নির্মীয়মাণ বহুতল সহ অতীত গড়ে ওঠা আবাসনগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা সুদৃঢ় রয়েছে, তাও যাচাই করা হবে। 
Advertisement
সম্প্রতি বোলপুরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরই সিউড়ির মহকুমা প্রশাসন নড়েচড়ে বসে। সিউড়ি, দুবরাজপুর ও সাঁইথিয়া পুরসভাকে চিঠি পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সব চিঠিতে উল্লেখ করা হয়েছে। বলাবাহুল্য এরপরই পুরসভা কর্তৃপক্ষ পথে নামে। এদিন শহরের সমন্বয়পল্লি ও ডাঙালপাড়া এলাকার একাধিক আবাসন পরিদর্শন করা হয়। পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে পরিদর্শন চলে। শুরুতে সব ঠিকঠাক নজরে এলেও ডাঙালপাড়া এলাকার একটি নির্মীয়মাণ আবাসনে ত্রুটি নজরে আসে। অভিযোগ, সেখানে নির্মীয়মাণ আবাসনেই একটি পরিবার থাকতে শুরু করেছে। সেইসঙ্গে সেই আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি রয়েছে। সেখানে জলের রিজার্ভার আয়তনে অনেকটাই ছোট তৈরি করা হয়েছে। দ্রুত সেসব সংশোধন করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার তরফে জানা গিয়েছে, নির্দেশের পরও কোনও কাজ না হলে আগামীতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 
এদিন অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আবাসনগুলির সামনের রাস্তাতেও নজরদারি চালানো হয়েছে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর সুবন্দোবস্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে। সেইসঙ্গে বহুতল নির্মাণের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছে কি না, তাও যাচাই করা হয়েছে। পুরসভার তরফে জানা গিয়েছে, এই অভিযান লাগাতার জারি থাকবে। পুরসভার চেয়ারম্যান বলেন, বেশকিছু জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। আবাসনের সামনেরও রাস্তাও প্রশস্ত রয়েছে। তবে একটি জায়গায় ত্রুটি নজরে পড়েছে। সেক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে শপিংমল কর্তৃপক্ষকে চিঠি করা হবে। এছাড়াও যাদবপুরের প্রতিনিধি দলের তরফে আগামীতে বহুতলের নির্মাণ কাজের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রতিনিধি দলের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ