Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে জেলা বইমেলায় বিক্রি ১ কোটি টাকার

বোলপুরে জেলা বইমেলায় বিক্রি ১ কোটি টাকার
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: এবার ৪৩তম জেলা বইমেলায় প্রায় এক কোটি টাকার বই বিক্রি হল। বোলপুর মহকুমায় প্রথম এই বিপুল মূল্যের বই বিক্রি হওয়ায় খুশি জেলা বইমেলা কমিটি ও প্রশাসন। গত ২১ জানুয়ারি থেকে বোলপুরের ডাকবাংলো ময়দানে বইমেলার সূচনা হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সপ্তাহব্যাপী চলার পর সোমবার রাতে মেলার শেষ হয়। প্রতিদিনই বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল বইমেলা কমিটি। প্রতিদিনই ভিড় হয়। তবে সবকিছু ছাপিয়ে এবছর ভালো বই বিক্রি হওয়ায় খুশি বিভিন্ন প্রকাশনী ও বইমেলা কমিটি। 
Advertisement
প্রতি বছর রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ও জেলা গ্রন্থাগার বিভাগের আয়োজনে জেলার তিন মহকুমায় বইমেলা হয়ে থাকে। দু’বছর পর কবিগুরুর কর্মতীর্থ বোলপুর-শান্তিনিকেতনে এই বইমেলা অনুষ্ঠিত হল। এবার মেলার থিম ছিল, ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব’। সেই ভাবনায় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের স্টলও খোলা ছিল। মোট ১০০টি স্টল ছিল। কলকাতা ও জেলা মিলিয়ে মোট বইয়ের দোকানের সংখ্যা ৮০টি। যার মধ্যে সাতটি ইংরেজি বইয়ের স্টল ও চারটি ধর্মীয় স্টল ছিল। বীরভূম জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সুদীপকুমার মণ্ডল বলেন, নবীন প্রজন্ম বইমেলায় আগ্রহ দেখানোয় আমরা অত্যন্ত আনন্দিত। মেলার কয়েকদিনে মোট ৬৮হাজার ৬২৫জন এসেছেন।‌ তাঁদের মধ্যে ২৫-৩৫ বছর বয়সিদের ভিড় সবচেয়ে বেশি। এবছর ইংরেজি বই, গল্প ও উপন্যাস, ডব্লুবিসিএস ও এসএসসির মতো কেরিয়ার সংক্রান্ত বই তারা বেশি কিনেছেন। মেলায় আগত বিভিন্ন প্রকাশনী সংস্থার থেকে পাওয়া হিসেব অনুযায়ী এবার মোট ৯৮লক্ষ ৭৭হাজার ৫২৪টাকার বই বিক্রি হয়েছে। অর্থাৎ প্রায় এক কোটি টাকা ছুঁইছুঁই। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের যুগে বই আগের মতোই সবার কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটা আমাদের বড় প্রাপ্তি। জেলা গ্রন্থাগার আধিকারিক গোবিন্দ ভৌমিক বলেন, বই পড়ার জন্য বোলপুর শান্তিনিকেতনে নির্দিষ্ট পাঠক রয়েছেন। তার পাশাপাশি নতুন প্রজন্মের পাঠকরা ভিড় জমিয়েছেন। বোলপুরে এই মেলা আয়োজন করতে পেরে ‌আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ