Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে আবাসনে ফিরলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের

বোলপুরে আবাসনে ফিরলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বোলপুরের শ্রীনিকেতন রোডে বাঁধগোড়া মোড়ে বহুতলে অগ্নিকাণ্ডের পর বুধবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম।‌ টিমের সদস্যরা দু’ঘণ্টা ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। তারপরই ওই আবাসনে ঢুকতে পারে ২৪টি পরিবার। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নিজেদের ফ্ল্যাটে ফিরতে পেরে স্বস্তিতে দুই মাধ্যমিক পরীক্ষার্থীও। আগুন লাগার ঘটনায় বইপত্র কিছুই নিয়েই তারা বেরতে পারেনি। ফরেন্সিক দলের না আসা পর্যন্ত ওই আবাসন সিল করে রেখেছিল বোলপুর থানার পুলিস। ফলে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় তাদের পড়াশোনাও কার্যত লাটে ওঠে। ফের পড়াশোনা শুরু করতে পারায় স্বস্তি ফিরেছে তাদের। আগুন লাগার ঘটনায় আবাসনের মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ‌
Advertisement
সোমবার সন্ধ্যায় শ্রীনিকেতন রোডের ওই বহুতলে আগুন লেগে দম্পতির মৃত্যু ও বেশ কয়েকজন জখম হওয়ার ঘটনায় শহরজুড়ে চর্চা চলছে। আতঙ্কিত ওই আবাসনের ২৪টি পরিবারকে পাশের একটি অনুষ্ঠান ভবনে আশ্রয় দেওয়া হয়েছিল। তাঁদের থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিল বোলপুর পুরসভা। তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাড়িতে ফেলে আসার কারণে বাসিন্দারা নানা সমস্যায় পড়েছিলেন। তাঁরা নিজেদের ফ্ল্যাটে ফিরতে চাইছিলেন। তবে পুলিস ওই আবাসনটি ফরেন্সিক নমুনা সংগ্রহের জন্য ঘিরে রেখেছিল। তাই আবাসিকরা ঢুকতে পারছিলেন না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী প্রাচী লেট ও বেসরকারি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী যুবরাজ গুপ্ত। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর কোনওক্রমে তারা বেরিয়ে আসে। বই, খাতা সহ সব ফ্ল্যাটেই ছিল। পড়াশোনা করতে না পারায় মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তবে আবাসনে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় সকলেই স্বস্তি পেয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ