নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেট বিতর্কে অংশ নিয়ে সোমবার সংসদে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২৭ বছরের চেষ্টায় সদ্য দিল্লি জিতেছে নরেন্দ্র মোদির দল। বাকি রইল বাংলা বলে প্রত্যাশার পারদ চড়িয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন লোকসভায় তারই পাল্টা দিলেন কল্যাণ। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, বাংলার বকেয়া মেটানো তো হয়ইনি, এবারের বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে। তাই শুনে রাখুন, বাংলাকে যত অবজ্ঞা করবেন, ততই মানুষ জবাব দেবে। আগামী বিধানসভা ভোটে বিজেপি বাংলায় ৩০টির বেশি আসন পাবে না। বিরোধী দলনেতার পদও নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে, রাজ্যসভাতেও বাজেট বিতর্কে অংশ নিয়ে সুর চড়ান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির রাজনীতির কাছে বাংলার মানুষ কিছুতেই আত্মসমর্পণ করবে না। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদুস্ত করতে পারছে না বিজেপি। তাই বাংলাকে বঞ্চনার নীতি নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলার পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। মনরেগার টাকা মিলছে না। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।



