নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (বালু) ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে আখ্যা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কলকাতা নগর দায়রার ইডির বিশেষ কোর্টে ছিল বালুর জামিনের শুনানি। এর আগে এনিয়ে একপ্রস্থ শুনানি আগেই হয়ে ছিল। তাতে অংশ নিয়েছিলেন বালুর কৌঁসুলিরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরোধিতা করেন তদন্তকারী সংস্থা ইডির কৌঁসুলি। তাঁর অভিযোগ, এই অভিযুক্ত হলেন দুর্নীতিকারীদের গন্তব্যস্থল, ডেস্টিনেশন। প্রাক্তন মন্ত্রীকে রেশন দুর্নীতির ‘রিং মাষ্টার’ বলেও অভিহিত করেন ইডির কৌঁসুলি। যদিও তার জোরালো আপত্তি জানান বালুর আইনজীবীরা। কিন্তু আদালতে ইডির বক্তব্য, সাগরে যেমন নানা শাখা প্রশাখা এসে মেশে, তেমনই এই রেশন দুর্নীতির ক্ষেত্রে নানা পথ ঘুরে নানা শাখা প্রশাখা এসেছে মিশেছে ওই মন্ত্রীর কাছে, উনি যেন দুর্নীতির গঙ্গাসাগর! আদালতে ইডির অভিযোগ, কোনও ঘটনার ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে আসে না। পিছন থেকে তারা যাবতীয় কলকাঠি নাড়ে। এদিনও ইডি জামিনের বিরোধিতা করে অভিযুক্তকে প্রভাবশালী আখ্যা দেয়। জামিন পেলে মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা চালাতে পারেন। যদিও প্রভাবশালী তত্ত্বের অভিযোগের আপত্তি তোলেন বালুর আইনজীবীরা। তাঁদের কথায়, আমাদের মক্কেল এখন মন্ত্রী নেই। কোন পদেও নেই। তাহলে কি করে উনি প্রভাবশালী হলেন? তার প্রত্যুত্তরে ইডির দাবি, উনি কিং মেকার। ফলে ওঁনার পক্ষে মামলাকে প্রভাবিত করার চেষ্টা কোনও অসম্ভব নয়। এদিন ইডির শুনানি অসমাপ্ত থাকে। আগামী ২ জানুয়ারি ফের শুনানির দিন ধার্য হয়েছে।



