Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলঘরিয়ার সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করা হবে মে মাসের মধ্যেই

বেলঘরিয়ার সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করা হবে মে মাসের মধ্যেই
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার সড়ক পথে যোগাযোগ আরও সুগম হচ্ছে। কলকাতা থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে উত্তরবঙ্গ যাওয়া যাবে। সেই লক্ষ্যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগের কাজ চলছে দ্রুতগতিতে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে মুড়াগাছা পর্যন্ত ব্রিজ সহ সাড়ে ৪ কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। নিমতায় ২০১ বাসস্ট্যান্ডের সামনে দুই এক্সপ্রেসওয়ের সংযোগের কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে মুড়াগাছা পর্যন্ত রাস্তার কাজ আগামী বছর মে মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই অংশে দুই লেনেই যাতে গাড়ি চলাচল শুরু করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তার নির্মাণের এই অংশে দু’টি বাড়ি রয়েছে। এই জমি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে।
Advertisement
অন্যদিকে, মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত ৩০.৫ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। কাঁপা মোড় থেকে বড়জাগুলি পর্যন্ত অংশে তৈরি হচ্ছে রাস্তা ও ব্রিজ। মোট ৯.৮ কিলোমিটারের কাজ এবছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে চাইছে পূর্তদপ্তর। এই অংশে রাস্তার আলোকসজ্জার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গোটা এই কাজ শেষ হয়ে গেলে কলকাতা থেকে কল্যাণী, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে সড়ক পথে যাওয়ার সময় অনেকটাই কমে যাবে।
সম্পর্কিত সংবাদ