নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চলতি বছর বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে হাওড়া পুরসভাকে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বেনারস রোড ও সংলগ্ন বেলগাছিয়ায়। একদিকে রাস্তার বেহাল অবস্থা, অন্যদিকে দিনের পর দিন প্রায় হাঁটু সমান জল। নতুন বছরে তাই বেলগাছিয়ার রাস্তা ও নিকাশি নিয়ে একাধিক মাস্টার প্ল্যান নিতে চলেছে হাওড়া পুরসভা। এই শীতেই শুরু হবে সেই কাজ।
Advertisement
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী বছর বর্ষায় নিকাশির বেহাল দশা নিয়ে যাতে বাসিন্দাদের নাজেহাল হতে না হয়, সেকারণে প্রথমে বেলগাছিয়া এলাকার নর্দমাগুলি সংস্কার করা হবে। বামনগাছি ব্রিজ থেকে বেলগাছিয়া মোড় পর্যন্ত রাস্তার দু’ধারে নর্দমা সংস্কারের পাশাপাশি সেগুলি চওড়া ও গভীর করার কাজ চলবে। লাগাতার বৃষ্টির কারণে এবার বেলগাছিয়ার ট্রেনচিং গ্রাউন্ডের নিকাশিনালা পাকা করার কাজ সম্ভব হয়নি। এবার সেই কাজ হলে জমা জলের সমস্যা মিটে যাবে বলে আশাবাদী পুরসভা কর্তৃপক্ষ। বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার জমা জল যাতে পাম্পের সাহায্যে দ্রুত নামানো যায়, সেকারণেও বিকল্প ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। জানা গিয়েছে, এই এলাকার জল অনেকটা ঘুরপথে টিকিয়াপাড়ার ডাবল ব্যারেল চ্যানেলে ফেলা হয়। সেই জন্য টিকিয়াপাড়ার সমান্তরাল আরেকটি চ্যানেল তৈরির ভাবনাচিন্তা চলছে। ফলে ওই জল পাম্পিং মেশিনের সাহায্যে সহজেই ইস্ট-ওয়েস্ট বাইপাসের কাছে রিজার্ভারে যাবে।
শুধু নিকাশি নয়, ওই এলাকার বেহাল রাস্তা সংস্কার করার ব্যাপারেও একাধিক পরিকল্পনা করেছে হাওড়া পুরসভা। চলতি বছরে বেনারস রোডের বিভিন্ন জায়গায় কেএমডিএ বিভিন্ন কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করেছিল। পরে প্যাচওয়ার্ক করে সাময়িকভাবে রাস্তা সংস্কার করা হলেও লাগাতার বৃষ্টিতে ধুয়ে যায় ওই পিচ। তৈরি হয় বড় বড় গর্ত। তাতে জল জমে ছোটখাট পুকুরের চেহারা নিয়েছিল কোথাও কোথাও। বেহাল রাস্তা ও জমা জলের কারণে এই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা লেগে থাকত। সেকারণে এই রাস্তাটি কংক্রিটের আস্তরণে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পাশাপাশি বেলিলিয়াস রোডও একইভাবে কংক্রিটে মোড়া হবে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘ডাবল ব্যারেল, পচা খাল সংস্কার নিয়ে ইতিমধ্যেই কেএমডিএ ও সেচদপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে। কংক্রিটের ড্রেনেজ সিস্টেম তৈরির বিষয়টি নিয়ে বেলগাছিয়া ট্রেনচিং গ্রাউন্ডে ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। জমা জলের সমস্যা বেড়েছে, এমন বেশ কয়েকটি এলাকায় আরও পাম্পিং হাউস তৈরি করা হবে। ফলে জমা জল নিয়ে বাসিন্দাদের আর ভুগতে হবে না।’