নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জঙ্গি সংস্রবের কোনও প্রমাণই মেলেনি। সেই কারণে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে শুধু জালিয়াতি ও অনুপ্রবেশের অপরাধে পাঁচ বছর সশ্রম কারাবাসের আদেশ দেওয়া হল। বৃহস্পতিবার কলকাতার এনআইএ আদালতের বিচারক শুভেন্দু সাহা ওই আদেশ দিয়েছেন। বিচারক সাজার সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’মাস হাজতবাসের নির্দেশ দেন। মামলার শুনানি চলাকালে অভিযুক্ত বাংলাদেশি যুবক অনুপ্রবেশ ও জালিয়াতির দোষ কবুল করে। এরপরই বিচারক রায় দেন। আদালত সূত্রের খবর, ২০২১ সালে বাংলাদেশি যুবক কলকাতা থেকে ধরা পড়ে। বৈধ নথি না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ছাড়াও বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, যুবক নানা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। অন্যদিকে, আদালতে ধৃত যুবকের বক্তব্য ছিল, সে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিল। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। সে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। এই ঘটনায় আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলার শুনানি চলবে। যদিও রবিউলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়ে ছিল।



