Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি পর্যটক নেই, করোনাকালের স্মৃতি মারকুইস স্ট্রিটের হোটেলগুলিতে

বাংলাদেশি পর্যটক নেই, করোনাকালের স্মৃতি মারকুইস স্ট্রিটের হোটেলগুলিতে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের অশান্ত বাংলাদেশ। তার প্রভাব এসে পড়েছে কলকাতাতেও। বাংলাদেশিরা ভ্রমণে বা চিকিত্সার কাজে এলে এ শহরের মারকুইস স্ট্রিটের হোটেলগুলিতে সাধারণত থাকেন। এখন সে রাস্তা শুনশান। হোটেলের কর্মীদের বক্তব্য, ‘করোনার সময়ের কথা মনে পড়ছে। রুমগুলো খালিই পড়ে রয়েছে।’ একটি বেসরকারি বাস এল মারকুইস স্ট্রিটে। জনা কয়েক বাংলাদেশি নামলেন। একটি হোটেলে এসে জিজ্ঞেস করলেন, ‘রুম ভাড়া কত?’ ৭০০ টাকা শুনে একজনের বক্তব্য, ‘৬০০ দেব।’ শুনে কথা বাড়ালেন না হোটেলের কর্মী। ঘর দিতে রাজি হয়ে গেলেন।
Advertisement
হোটেলের রিসেপশনে থাকা সুপ্রকাশ দেব বললেন, ‘গত বছর এই সময় দেড় হাজার টাকাতেও রুম ভাড়া দিয়েছি। এখন ৬০০ টাকায় রাজি হতে হচ্ছে।  শুনছি মেডিক্যাল ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। তাই রক্ষে।’ এদিকে সূত্রের খবর, ভিসা পেতে সমস্যা হচ্ছে বাংলাদেশিদের। তার জেরে এ শহরে আসা বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। হোটেলের কর্মীদের বক্তব্য, ‘অনেকে আমাদের ফোন করে জিজ্ঞেস করছেন, ভারত সরকার ভিসা কবে থেকে দেবে? আমরা কীভাবে বলি বলুন তো!’ অনেকের অনুমান, যাঁরা আগেই ভিসা পেয়ে গিয়েছেন, সেই ভিসা দিয়েই কাজ চালাচ্ছেন। তাই জানুয়ারি মাসের পর থেকে পরিস্থিতি কী হবে, সেটা ভেবে আশঙ্কায় দিন কাটছে হোটেলের মালিক-কর্মীদের। অন্য একটি হোটেলের কর্মী তথাগত দাস বললেন, ‘এটা ছোট হোটেল। তিনটি রুম আছে। একজন ভারতীয় আর দু’জন বাংলাদেশি রয়েছেন। কিন্তু ৮০ শতাংশ ব্যবসা কমে গিয়েছে।’ একাংশের দাবি, এখানে অনেকেই লিজ নিয়ে হোটেল চালান। তাদের মধ্যে কেউ কেউ ছেড়ে দেওয়ার কথা ভাবাও শুরু করেছেন। তাঁদের দাবি, ঝামেলা আর মিটছেই না। আবার আগের মতো না হলে, পর্যটনের কী হবে বোঝা যাচ্ছে না!
শুধু হোটেল নয় জামাকাপড়, রেস্তরাঁগুলিতেও প্রভাব পড়ছে বাংলাদেশের। হোটেলে সিসি ক্যামেরা বসাতে আসা এক ব্যক্তি বললেন, ‘আগে এখানে একবার এলে বের হতে সন্ধ্যা হয়ে যেত। এখন কোনও কাজই নেই। বেশিরভাগ হোটেলই বলছে, তেমন লোক নেই তাই 
কাজও নেই।’
সম্পর্কিত সংবাদ