নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই তার প্রধান কাজ। আর সেই কাজ করাতেই এবার নিউ জলপাইগুড়ি থানার পুলিসের হাতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মসিহা বিপুল অধিকারী। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি হলদিবাড়িতে। একাধিক ব্যক্তিকে অবৈধভাবে এদেশে প্রবেশ করানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
২৩ জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয়কে। ফুলবাড়ির আমাইদিঘি থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। যারমধ্যে একজনের নাম আতাউর রহমান। সে বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম। ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ধৃতদের জেরা করে জানা যায়, হলদিবাড়ির বিপুল অধিকারী আতাউরকে সীমান্ত দিয়ে টাকার বিনিময়ে অনুপ্রবেশ করিয়েছিল। এরপর থেকে পুলিস বিপুলের খোঁজ শুরু করে। তবে ঘটনার পর থেকেই চম্পট দেয় বিপুল। দীর্ঘ প্রায় একমাস তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। এর আগে আর কতজন বাংলাদেশি বাসিন্দাকে সে টাকার বিনিময়ে এপারে নিয়ে এসেছে, তা জানতে তদন্ত করছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পশ্চিম বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনার তদন্ত করে দেখছি।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পশ্চিম বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনার তদন্ত করে দেখছি।



