নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশ। যত দিন যাচ্ছে, ততই আক্রান্ত হচ্ছে পদ্মার পাড়ের দেশের সংখ্যালঘু হিন্দুরা। এই আবহে গ্রেপ্তার হওয়া মহারাজ চিন্ময় দাসের মুক্তি ও হিন্দুদের উপর আক্রমণ বন্ধের দাবিতে রাজ্যের একাধিক জায়গায় উঠেছে প্রতিবাদের সুর। কোথাও মিছিল, কোথাও আবার মৌনসভা। ভারতীয় পতাকার অবমাননার জেরে বিক্ষোভ দেখিয়েছেন ফুটবল সমর্থকরাও।
Advertisement
মঙ্গলবার একাধিক বিক্ষোভ কর্মসূচি হয়েছে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে। বারাসত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত দু’টি প্রতিবাদ মিছিল করে একাধিক হিন্দু সংগঠন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কঠোর শাস্তির দাবিও ওঠে এই বিক্ষোভ কর্মসূচি থেকে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বারাসত চাঁপাডালি মোড়ে ইস্ট বেঙ্গলের পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ দেখান লাল-হলুদ সমর্থকরা। হুগলির শ্রীরামপুর ও কোন্নগরে মিছিল করেছে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা। চুঁচুড়ায় একটি নাগরিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে সন্ত ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ করে মিছিল হয়েছে। বনগাঁয় পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা। হিন্দুদের উপর অত্যাচার ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন বিকেলে উলুবেড়িয়া শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বঙ্গীয় হিন্দু জাগরণ, হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে শুরু হয়ে লকগেটে শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষ পা মেলান। হাওড়া ময়দানে শরৎসদনের সামনেও প্রতিবাদ সভা হয়।



