নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বেলঘরিয়ার যুবক। রাতারাতি প্রাণ হাতে করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন। স্রেফ ভারতীয় হিন্দু বলে হামলা হলেও কেউ তাঁকে বাঁচানোর চেষ্টা করেনি। এই ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন বেলঘরিয়ার ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয়নগর সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে আসেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন সায়ন ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন শুভঙ্করবাবু। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। বাংলাদেশ হোক বা ভারত, সংখ্যালঘুদের উপর অত্যাচারের কড়া নিন্দা করছি। ভারত সরকারের পদক্ষেপ করা উচিত। এদিন বিকেলে সায়নের বাড়িতে এসে দেখা করেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনিও পরিবারের পাশে থাকার পাশাপাশি সব সাহায্যের আশ্বাস দিয়েছেন।-নিজস্ব চিত্র



