নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি ফিরলেও সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল চলবে। জানিয়ে দিল হাইকোর্ট। ওইসঙ্গে হাঙ্গামায় অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আদালত রাজ্যকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে। একজনও অভিযুক্ত যাতে কোনোভাবে ছাড় না-পায় তাও নিশ্চিত করতে বলেছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগের নির্দেশমতো বেলডাঙার পরিস্থিতি নিয়ে সোমবার মুর্শিদাবাদের জেলাশাসক এবং ডিআইজি বিএসএফ রিপোর্ট পেশ করেন। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গত শুক্রবারের নির্দেশের পর হাঙ্গামা অধ্যুষিত অন্তত সাতটি গ্রাম শনিবার যৌথভাবে পরিদর্শন করা হয়। ২৩ নভেম্বর এলাকায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। নতুন করে অশান্তির সম্ভাবনা এড়াতে বিএসএফের টহল চলছে। এই রিপোর্ট দেখার পরই বেঞ্চ জানিয়েছে, ১৬ ও ২১ নভেম্বরের অশান্তির প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর- গুলির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ করতে হবে। শীতকালীন ছুটির একসপ্তাহ পরে রাজ্যকে হলফনামাও দিতে হবে।



