Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিচকে রেলগেট বন্ধ থাকায় দুর্ভোগের আশঙ্কা পরীক্ষার্থীদের

বালিচকে রেলগেট বন্ধ থাকায় দুর্ভোগের আশঙ্কা পরীক্ষার্থীদের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরা-সবং রাস্তায় বালিচক রেলগেট বন্ধ থাকায় এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দুর্ভোগের আশঙ্কা করছেন। উদ্বিগ্ন শিক্ষক-অভিভাবকরাও। অন্তত পরীক্ষার সময় নিয়ম একটু শিথিল করতে প্রশাসন ও শাসকদলের কাছে আবেদন-নিবেদন শুরু হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বলেন, গেট বন্ধ থাকলে পরীক্ষার্থীদের ঘুরপথে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। ফলে সময়ের অনেক আগেই বাড়ি থেকে বেরোতে হবে। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-হাওড়া শাখার বালিচক রেলগেটে উড়ালপুল নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে। তাই রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটর বাইকও যাতায়াত করতে পারছে না। এই রুটের সমস্ত বাসকেও ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা বলে, রেলগেট বন্ধ থাকায় আমাদের অনেকটা ঘুরে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। এর ফলে দুর্ভোগে পড়তে হবে। অভিভাবক সমীর পাত্র বলেন, পরীক্ষার সময় এই গেট দিয়ে অন্তত মোটর বাইক যাওয়ার ব্যবস্থা করা উচিত। তাতে পরীক্ষার্থীদের দুর্ভোগ কমবে। প্রশাসনের বিষয়টা দেখা দরকার। আমরা প্রশাসনকে জানিয়েছি। শাসকদলকেও বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি। বালিচক ভজহরি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক দিলীপ সাঁই বলেন, দু’দিকের পরীক্ষার্থীদেরই রেলগেট পার হয়ে কেন্দ্রে যেতে হবে। স্বাভাবিক ভাবেই গেট বন্ধ থাকলে তাদের সমস্যায় পড়তে হবে। অভিভাবকরা আমাদের কাছে সমস্যার কথা জানাচ্ছেন। প্রশাসনকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। পরীক্ষা শুরু ও শেষের সময়ে মোটর বাইক যাতায়াতের ব্যবস্থা করা হলে পরীক্ষার্থীরা উপকৃত হবে।
Advertisement
বিডিও প্রিয়ব্রত রাঢ়ী বলেন, অভিভাবকরা আমাদের জানিয়েছেন। আমরা জেলাকে জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ কর বলেন, অভিভাবকরা আমাদের কাছে এই সমস্যার কথা জানিয়েছেন। জেলাশাসকের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানাব। অন্তত বাইক চলতে দেওয়ার অনুরোধ করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ