সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরে ট্রাক্টরের দৌরাত্ম্য রুখতে অভিযানে নামল ট্রাফিক পুলিস। বৃহস্পতিবার অভিযানে নেমে বালিবোঝাই ৫টি ট্রাক্টর আটক করা হয়। আটক ট্রাক্টরগুলি থানায় নিয়ে যায় পুলিস। অধিকাংশ ট্রাক্টর ট্রলির কোনও নম্বর ছিল না বলে অভিযোগ।
Advertisement
গত ২২ জানুয়ারি গঙ্গারামপুর পুনর্ভবা ব্রিজের পাশে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় শহরের পূর্ব হালদারপাড়ার এক কিশোরের। ঘটনায় গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় ৫১২ নং জাতীয় সড়কে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান। অফিস টাইমে শহরে ট্রাক্টরের দৌরাত্ম্য চলছে বলে পুলিসের কাছে অভিযোগ করেন বিধায়ক। গঙ্গারামপুর শহর ও ব্লক এলাকায় পুনর্ভবা নদীর একাধিক ঘাট থেকে বালি উত্তোলন চলছে বলে অভিযোগ। সেই বালি ট্রাক্টরে করে দিনের বেলায় শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ, অধিকাংশ ট্রাক্টর ও ট্রলির বৈধ নম্বর নেই। রয়্যালটি ছাড়াই চোরাপথে বালির কারবার চলছে। অভিযানে নেমে গঙ্গারামপুর ট্রাফিক ইউনিট ৫ টি ট্রাক্টর ধরেছে। গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান বলেন, শহরে ব্যস্ত সময়ে স্কুল লাগোয়া রাস্তায় ট্রাক্টরের যাতায়াত নিষিদ্ধ। আমরা বোর্ড লাগিয়েছি। ট্রাক্টর চালকরা তারপরেও শোনেননি। বাধ্য হয়ে অভিযানে নেমে ৫ টি ট্রাক্টর আটক করা হয়েছে। ট্রাফিক আইন অনুযায়ী ফাইন করা হবে।



