Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বোড়াল মেইন রোডের ২ কিলোমিটার আমূল সংস্কারের পরিকল্পনা

বোড়াল মেইন রোডের ২ কিলোমিটার আমূল সংস্কারের পরিকল্পনা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে কলকাতা পুরসভার আওতাভুক্ত গড়িয়া। অন্যদিকে রাজপুর-সোনারপুর পুরসভা। গড়িয়া বোড়াল মেইন রোড এই দুই পুরসভার সীমানা দিয়ে গিয়েছে। রাস্তাটির বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা। কোনও ফুটপাত নেই। কলকাতা পুরসভা এবং রাজপুর-সোনারপুর পুরসভার মাঝামাঝি জায়গায় হওয়ায় রাস্তা দেখভালের দায়িত্বে রাজ্যের পূর্তদপ্তর। সম্প্রতি এই রাস্তার প্রায় দু’ কিমি (১.৭৫) সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। কংক্রিট ব্লক দিয়ে মুড়ে ফেলা হবে এই অংশ। এর ফলে পরবর্তীকালে রাস্তা খোঁড়াখুঁড়ির সমস্যা মিটবে। জল জমলেও নষ্ট হবে না পথ। এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় ছ’কোটি ৯৫ লক্ষ টাকা। খুব শীঘ্র কাজ শুরু হবে বলে আশাবাদী পূর্তদপ্তরের আধিকারিকরা। বরাদ্দ মিললেই কাজ শুরু করা হবে।
Advertisement
এই রাস্তার নাম গড়িয়া-বোড়াল-রাজপুর বাজার রোড। গড়িয়া মোড় থেকে বোড়াল হয়ে গিয়েছে পথটি। স্থানীয় বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর কথায়, ‘রাস্তা খুব একটা খারাপ নয়। কিন্তু খুব ধুলো ওড়ে। অনেক অংশ উঁচু নিচু। আশপাশে মাটি পড়ে থাকে। নর্দমা ঠিকঠাক নেই। বেশি বৃষ্টি হলে জল জমে। সংস্কার হলে ভালো হবে।’ পূর্তদপ্তর সূত্রে খবর, রাস্তার একাধিক অংশে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ হবে। তৈরি হবে ফুটপাত। সেখানে রেলিং বসানোর ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাস্তাটি আরও চওড়া হবে। যাতে সহজে রাস্তা নষ্ট না হয়, তাই কংক্রিটের ব্লক বসানো হবে। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ দাস বলেন, ‘মন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করে। ফলে কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা তৈরি হলে তা আরও শক্তপোক্ত হবে। বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা রয়েছে। পিচ জলে নষ্ট হয়। এই ব্লক থাকলে রাস্তার ক্ষতি হবে না। দীর্ঘস্থায়ী হবে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ