Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিক্ষোভ হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে

বিক্ষোভ হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: আবাস যোজনার ঘর নিয়ে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ওই বাসিন্দাদের অভিযোগ, যাঁরা কাঁচা বাড়িতে বা ত্রিপলের নীচে বাস করেন, তাঁদের নাম আবাসের তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অথচ যাঁরা পাকা বাড়িতে বাস করেন, তাঁদের নাম তালিকায় যোগ করা হয়েছে। এলাকার বাসিন্দাদের আরও দাবি, বিডিও অফিসে আবাস যোজনা নিয়ে একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। কিন্তু সেই বাক্সে জমা পড়া অভিযোগ না দেখেই ফেলে দিচ্ছেন বিডিও। এমন নানা অভিযোগ তুলে বুধবার বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
Advertisement
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিস। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর প্রথমে অফিস ছেড়ে চলে যান বিডিও। এর কিছুক্ষণ মধ্যেই পুলিস পরিস্থিতি সামাল দেয়। এরপর আবার বিডিও ফিরে আসেন অফিসে। এই বিষয়ে বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, বেশ কিছু লোক আবাস যোজনা নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানতে এসেছিলেন। আমরা তাঁদেরকে বলেছি, আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য যেসব উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ, আমরা তাঁদের বিষয়ে তদন্ত করব। উপযুক্ত বিবেচিত হলে তাঁদের ঘর দেওয়ার ব্যবস্থাও করা হবে। 
সম্পর্কিত সংবাদ