Bartaman Logo
২৭ মে, ২০২৬

বেকারদের মন জয়ে মাসে সাড়ে ৮ হাজারের প্রতিশ্রুতি কংগ্রেসের, আজ রাজধানীতে প্রচার রাহুলের

বেকারদের মন জয়ে মাসে সাড়ে ৮ হাজারের প্রতিশ্রুতি কংগ্রেসের, আজ রাজধানীতে প্রচার রাহুলের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ দিল্লিতে প্রথম ভোটের প্রচারে নামছেন রাহুল গান্ধী। পূর্ব দিল্লির সীলমপুরে জনসভা করবেন তিনি। কয়েকদিন আগে তাঁরই নির্দেশ মতো লোকসভায় আম আদমি পার্টির সঙ্গে জোট করে লোকসভা লড়েছিল কংগ্রেস। এখন সেই আপ সরকারকে ক্ষমতাচ্যূত করতে মরিয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাই রাহুলের আজকের সভা রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য। কী বলবেন রাহুল? কাকে আক্রমণ করবেন, আপ নাকি কেন্দ্রের মোদি সরকার? রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। এআইসিসি সূত্রে খবর, গোড়ার দিকে রাহুল গান্ধী দিল্লির প্রচারে তেমন উৎসাহ দেখাতে চাইছিলেন না। কারণ, তিনি চেয়েছিলেন জোট। আবার এখন তাঁকে নিন্দা করতে হবে অরবিন্দ কেজরিওয়ালের। তাই প্রচারে কিছুটা নিমরাজি হয়েই নামছেন রাহুল। প্রদেশ কংগ্রেসের দাবি ফেলতে পারছেন না। 
Advertisement
কংগ্রেস এবার দিল্লিতে সরকার গড়বে বলেই প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবের দাবি। তারই লক্ষ্যে একের পর এক ঘোষণায় ভোটারদের মন জয়ের চেষ্টা জারি রয়েছে। এবং প্রতিশ্রুতির ঘোষণায় বিশ্বাসযোগ্যতা আনতে কখনও কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কখনও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কখনও তরুণদের নেতা শচীন পাইলটকে সামনে আনা হচ্ছে। ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা, সবার জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। 
রবিবার পাইলটকে দিয়ে ঘোষণা হল, শিক্ষিত বেকারদের দেওয়া হবে মাসে সাড়ে আট হাজার টাকা। নাম ‘যুবা উড়ান যোজনা।’ যেসব শিক্ষিত বেকার কাজের সন্ধান করছেন, কোনও বেসরকারি কোম্পানিতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন, তাদেরই এই টাকা আগামী এক বছর দেওয়া হবে। ‘এটি কোনও বেকার ভাতা নয়।’ স্পষ্ট করে দিয়ে শচীন পাইলট বলেন, ‘মোদি জমানায় বেকারত্ব চরমে। শিক্ষিত হয়েও কাজ জুটছে না। তাই এই সাময়িক সাহায্যর আশ্বাস দিচ্ছে কংগ্রেস। প্রশিক্ষণে অংশ নিয়ে বেকার যুবকরা যাতে বেসরকারি সংস্থায় কাজে যোগ দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’ আগামী ৫ ফেব্রুয়ারি ভোট দিল্লিতে। 
সম্পর্কিত সংবাদ