Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকিপুট সমবায়ে গোহারা বিজেপি

বাঁকিপুট সমবায়ে গোহারা বিজেপি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। সেখানে বিপুল জয় পেল শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার বাঁকিপুট সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে ৪২টি আসন রয়েছে। বিজেপিকে গোহারা হারিয়েছে তৃণমূল। গেরুয়া শিবিরকে শূন্য হাতে ফিরতে হয়েছে। তবে সমিতির ৪২টি আসনের মধ্যে ২৪টি আসনে মনোনয়ন পর্বেই জয়লাভ করেছিল তৃণমূল। বৃহস্পতিবার বাকি ১৮টি আসনে নির্বাচন হয়। গত কয়েকদিন ধরে এই সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। এই সমিতিটি উত্তর কাঁথি বিধানসভার মধ্যে পড়ে। যা রয়েছে বিজেপির দখলে। লোকসভা ভোটেও এই এলাকায় এগিয়ে গিয়েছিল বিজেপি। যদিও দারিয়াপুর পঞ্চায়েত তৃণমূলেরই দখলে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জয়ের খবর পাওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা। চলে আবির খেলা। 
Advertisement
এই সমিতি তৃণমূলের দখলেই ছিল। ফের ক্ষমতা দখলে আসায় বাড়তি অক্সিজেন পেল শাসকদল। দলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা বলেন, তৃণমূলের প্রতি মানুষের আস্থা ও ভরসা অটুট রয়েছে। এই বিপুল জয় তার প্রমাণ। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, একটি সমিতির নির্বাচনের ফলাফল দিয়ে বিজেপিকে বিচার করা যাবে না। তবে পরাজয়ের কারণ আমরা দলীয়ভাবে পর্যালোচনা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ