Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাখরাহাটে বাসের ধাক্কায় একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু

বিষ্ণুপুরের বাখরাহাটে বাসের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রীর। মৃতার নাম কেয়া রঞ্জন (১৮)। অন্যদিকে, বারুইপুরে পৃথক একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মৃণালকান্তি বর্গি (৩২)। পাশাপাশি, অন্য একটি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

বাখরাহাটে বাসের ধাক্কায় একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: বিষ্ণুপুরের বাখরাহাটে বাসের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রীর। মৃতার নাম কেয়া রঞ্জন (১৮)। অন্যদিকে, বারুইপুরে পৃথক একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মৃণালকান্তি বর্গি (৩২)। পাশাপাশি, অন্য একটি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।  
Advertisement
সোমবার টিউশন সেরে বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল ওই একাদশ শ্রেণির ছাত্রী। তখনই উল্টোদিক থেকে বাস এসে তাকে ধাক্কা দেয়। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের লোকজনের দাবি, চালক মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিস ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককেও গ্রেপ্তার করেছে পুলিস। অন্যদিকে, বারুইপুরের সাউথ গড়িয়ায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোস্টে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের। তাঁর বাড়ি সাউথ গড়িয়াতেই। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন মৃণালকান্তি বর্গি নামে ওই ব্যক্তি। বারুইপুর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি, বারুইপুরের রামনগরে বাইক ও চারচাকার গাড়ির মধ্যে মুখোমুখি ধাক্কায় আহত হলেন দুই বাইক আরোহী। চার চাকার গাড়িটি চম্পট দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বারুইপুর থানার পুলিসও ঘটনাস্থলে আসে। পুলিস জানিয়েছে, আহতদের নাম রৌফ আলি সর্দার ও সিরাজুল সর্দার। বাড়ি কুড়ালি এলাকায়। দু’জনেই রাজমিস্ত্রির কাজ করেন। অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ