নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তৃণমূল ভোটার তালিকা খতিয়ে দেখা শুরু করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাঁকুড়া-২ ব্লকের জুনবেদিয়া অঞ্চল তৃণমূল সভাপতির নামই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শালবনী গ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতা গত লোকসভা নির্বাচনেও নিজের বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি এলাকায় দাঁড়িয়ে থেকে ভোটও করিয়েছিলেন। তাঁর নামই তালিকা থেকে বাদ চলে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের জুনবেদিয়া অঞ্চল সভাপতি আলোককুমার কুণ্ডু বলেন, দু’দিন আগে আমি ব্লক অফিস থেকে অঞ্চলের ভোটার তালিকা নিয়ে আসি। তারপর কর্মীদের দিয়ে তালিকা পরীক্ষা করাচ্ছিলাম। স্ক্রুটিনি চলাকালীন আমার নাম বাদ যাওয়ার বিষয়টি লক্ষ্য করি। তালিকায় আমার নামের উপর ‘ডিলিটেড’ স্ট্যাম্প মারা ছিল। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এর আগে বুথস্তরে ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলাম। কেউ আবেদন না করলে তাঁর নাম বাদ দেওয়া যায় না। প্রয়োজনীয় নথি সহ আবেদন করার পরই একমাত্র তা করা যায়। ফলে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমাদের মনে হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই দলকে জানিয়েছি। দ্রুত প্রশাসনের কাছেও অভিযোগ জানাব। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে বুথস্তরের আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হবে। তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকানো নিয়ে তৃণমূলের তরফে বিজেপির দিকেই আঙুল তোলা হয়েছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, আগামী বিধানসভা ভোটে ফায়দা তুলতে বিজেপি আড়াল থেকে কলকাঠি নাড়ছে। আমরা ওদের স্বার্থসিদ্ধি হতে দেব না। প্রতিটি বুথে ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়ার পাশাপাশি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও ওই কাজ শুরু হয়েছে। ওই সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, আমি কিছু বুথে গিয়ে তালিকা পরীক্ষার কাজ তদারকি করেছি। সন্দেহজনক কিছু দেখলেই কর্মীদের জানাতে বলা হয়েছে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল বলেন, তৃণমূল আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। আমরাও বাঁকুড়া বিধানসভা এলাকার ভোটার তালিকা পরীক্ষা করছি। বাদুল্লারা এলাকার দু-একটি বুথে গত এক বছরে সন্দেহজনকভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা স্বাভাবিক নয় বলেই আমরা মনে করছি। বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হবে।



