সংবাদদাতা, আলিপুরদুয়ার: বাগানে কাজ করেও ন্যায্য মজুরি মিলছে না। চারটি পাক্ষিক মজুরির টাকা না পেয়ে শুক্রবার বাগানে গেট মিটিং করে বিক্ষোভ দেখালেন মাদারিহাটের হান্টাপাড়া চা বাগানের শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকরা কাজে যোগ দেন। এদিন বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের ব্যানারে শ্রমিকরা এই বিক্ষোভ দেখায়। বিক্ষোভে বক্তব্য রাখেন বিজেপির জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা ও বিটিডব্লুইউয়ের সহ সভাপতি কিশোর বিশ্বকর্মা। মনোজবাবু বলেন, হান্টাপাড়ার শ্রমিকদের চারটি পাক্ষিক মজুরি বকেয়া। অসহায় শ্রমিকদের দিন কাটছে নিদারুন দুর্দশার মধ্যে। যেকোনও মুহূর্তে বাগান বন্ধের আতঙ্ক তাড়া করছে শ্রমিকদের। বাগানের স্টাফ ও সাব স্টাফদেরও বেতন বকেয়া। শ্রমিকরা দ্রুত বকেয়া না পেলে আমরা আরও বড় আন্দোলনে নামব। এদিকে, বাগানটি মেরিকো ইন্ডাস্ট্রির অধীনে। মেরিকোর ডিরেক্টর সুরজিৎ বক্সি বলেন, লিজ ছাড়াই সাত বছর ধরে বাগান চালাচ্ছি। লিজ না থাকায় ব্যাঙ্ক ঋণও মিলছে না। তবুও দ্রুত শ্রমিকদের বকেয়া মেটানো হবে।



