Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজেট পেশে চার লক্ষ টাকার ভোজ, উপহার

বাজেট পেশে চার লক্ষ টাকার ভোজ, উপহার
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে খাবারের খরচ বাবদ বরাদ্দ প্রায় সাড়ে চার লক্ষ টাকা! সদস্যদের দেওয়া হল দামি উপহারও। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই চটে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পর ব্যাপক শোরগোল ব্লক প্রশাসনিক ভবনে। প্রশ্ন উঠেছে খরচের পদ্ধতি নিয়েও।
Advertisement
মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডলের কথায়, বাজেটকে কেন্দ্র করে প্রতিবছর খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। তবে এবারের মতো এতো এলাহি ব্যবস্থা ছিল না। সমিতির বাজেট ফান্ড থেকে এই টাকা খরচ হবে কেন? প্রত্যেক সদস্যের কাছ থেকে টাকা নিয়ে করা উচিত ছিল। শুনেছি প্রায় চার লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। সাধারণ মানুষের টাকায় এসব করা উচিত্ নয়।
পঞ্চায়েত সমিতির ২০২৫-’২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে বুধবার জরুরি সভা ডেকেছিল ব্লক প্রশাসন। সমিতির সমস্ত সদস্য, বিডিও ও অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে বাজেট পেশ করেন সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট ২৭ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার বাজেট পেশ করা হয় এদিন। সমিতির ৩২ জন সদস্যের সর্বসম্মতিতে পাশ হয় বাজেট। তারপরেই ছিল খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। কোন খাত থেকে এই ভোজের আয়োজন, তা নিয়ে প্রশ্ন করতেই পিঙ্কি জানান, পঞ্চায়েত সমিতির বাজেটের মধ্যে থেকেই খরচ করা হয়েছে।
এদিন সমিতির সদস্যদের পরিবারের সদস্যদের জন্যও খাবারের আয়োজন করা হয়েছিল। এছাড়া বাজেট পেশ উপলক্ষে প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয় একটি করে নামী কোম্পানির ব্যাগ। যার মূল্য প্রায় হাজার টাকা। এপ্রসঙ্গে পিঙ্কি বলেন, বাজেট উপলক্ষ্যে প্রত্যেক সদস্যদের সম্মতিক্রমে এই খাওয়া দাওয়া এবং উপহারের ব্যবস্থা করা হয়েছিল। যার খরচ করা হচ্ছে বাজেট থেকে। প্রতি বছর এভাবেই আয়োজন করা হয়।         
এই ঘটনাকে কটাক্ষ করেছেন জেলার বামনেতা দেবজ্যোতি সিনহা। তাঁর মন্তব্য, সরকারি টাকায় এভাবে ব্লক প্রশাসনিক চত্বরে এলাহি ভোজের আয়োজন! ভাবতেই অবাক লাগে। কীভাবে লুটপাট চলছে, এটি তার জ্বলন্ত উদাহরণ মাত্র। মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী বলেন, এটা পঞ্চায়েত সমিতির বিষয়। তারাই বলতে পারবে কোন ফান্ড থেকে খরচ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ