Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজেটে ঘোষিত পিএফের সুবিধা পেতে আধারযোগ এমাসেই শেষ করার নির্দেশ

বাজেটে ঘোষিত পিএফের সুবিধা পেতে আধারযোগ এমাসেই শেষ করার নির্দেশ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  কর্মসংস্থানে জোর দিতে এবারের কেন্দ্রীয় বাজেটে তিনটি প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যে দুটি প্রকল্প পিএফ-ভিত্তিক। একযাগে সেগুলির নাম দেওয়া হয় এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই)। প্রকল্পগুলির মধ্যে প্রথমটি হল উৎপাদনশিল্পকেন্দ্রিক উৎসাহ ভাতা। উৎপাদনশিল্প সংস্থাগুলি যদি নতুন কর্মচারী নিয়োগ করে, তাহলে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলিকে পিএফ সংক্রান্ত আর্থিক সুরাহা বা ইনসেন্টিভ দেবে। দ্বিতীয় স্কিমে যেকোনও শিল্পক্ষেত্রে কোনও সংস্থা নতুন কর্মী নিয়োগ করলে সংস্থার তরফে পিএফ কন্ট্রিবিউশন বাবদ মাসিক সর্বোচ্চ তিন হাজার টাকা দেবে কেন্দ্র। সম্প্রতি শ্রমমন্ত্রক জানিয়েছে, এই স্কিমের সুবিধা যেসব কর্মীকে দেওয়া হবে, তাঁদের যেমন পিএফের নির্দিষ্ট ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) চালু রাখতে হবে, তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। আধারের সঙ্গে সংযোগ থাকতে হবে ইউএএনেরও। 
Advertisement
পিএফ কর্তৃপক্ষ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গনাইজেশন (ইপিএফও) জানিয়েছে, এই সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। যেহেতু চলতি অর্থবর্ষে নিযুক্ত কর্মীরাই এই সুবিধা পাবেন, তাই তাঁদের আধার, ইউএএন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লিঙ্ক করার কাজ শেষ হয়েছে কি না, তা নিয়োগকারী সংস্থাগুলিকে জানাতে হবে এমাসের মধ্যেই। ইপিএফও আরও জানিয়েছে, ঘোষিত স্কিমের আওতায় সবরকমের আর্থিক সুবিধা মিলবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে। তাই ইউএএন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। 
প্রসঙ্গত, এই স্কিম গত জুলাই মাসে ঘোষিত হলেও এখনও বাস্তবে চালু হয়নি। একদিকে যেমন প্রশাসনিক কাজ চলছে, তেমনই এই প্রকল্পগুলি নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। পিএফ কর্তৃপক্ষের দাবি, তারা বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই বিষয়ে উৎসাহিত করতে ইতিমধ্যেই শিবিরের আয়োজন করেছে।   
সম্পর্কিত সংবাদ