ভোপাল: সমাজমাধ্যমে বিজেপির সক্রিয়তা সুবিদিত। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমকে গুরুত্ব দেন। এবার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সামলানোর জন্য একজনকে নিয়োগ করল পদ্মপার্টি। আনুষ্ঠানিকভাবে তৈরী করা হল নতুন পদ। যার পোশাকি নাম ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’। দেশের মধ্যে প্রথম মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই পদে নিয়োগ করল বিজেপি।
Advertisement
‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে রামকুমার চৌরাশিয়াকে। বিজ্ঞানে স্নাতকোত্তর রামকুমার এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি। তিনি জানিয়েছেন, এই পদে তাঁর মূল দায়িত্ব হোয়াটসঅ্যাপে আরও বেশি সংখ্যক মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার করা। গত কয়েক বছরে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছে ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি’ শব্দটি। মনগড়া বা অর্ধসত্য খবর ছড়ানোর ক্ষেত্রে যার জুড়ি মেলা ভার। পদ্ম পার্টি এই ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি’র চালিকাশক্তি বলে অভিযোগ বিরোধীদের। ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’ নিয়োগ নিয়েও মোদির দলকে কটাক্ষ করতে ছাড়েনি তারা। তাদের তীর্যক মন্তব্য, ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো আগেই ছিল। এবার তার প্রমুখ নিযোগের মাধ্যমে ষোল কলা পূর্ণ হল।’



