Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বেহাল, হয়নি মণ্ডল কমিটি

আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতবে বলে এখন থেকেই গলা ফাটাচ্ছে বিজেপি। কিন্তু মাঠে নামার আগেই বেকায়দায় তারা।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বেহাল, হয়নি মণ্ডল কমিটি
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতবে বলে এখন থেকেই গলা ফাটাচ্ছে বিজেপি। কিন্তু মাঠে নামার আগেই বেকায়দায় তারা। কারণ, একদিকে এখনও মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি নেতৃত্ব। অপরদিকে, সাংগঠনিক জেলা বিজেপির বেশকিছু মণ্ডল তৈরিই হয়ে ওঠেনি। জেলার নেতাকর্মীরা যে কারণে যথেষ্ট ক্ষুব্ধ। জানা গিয়েছে, জেলায় ২৬টি মণ্ডলের মধ্যে এখনও ১১টি মণ্ডল তৈরি হয়নি। এছাড়া যে সমস্ত মণ্ডল তৈরি হয়েছে, সেই মণ্ডলগুলোর কাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির নেতাকর্মীদের কথায়, বর্তমান জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে। এছাড়া গোষ্ঠী কোন্দলের জেরে দ্রুত সিদ্ধান্ত নিতেও সাহস পাচ্ছেন না নেতাকর্মীরা। তৃণমূলের কটাক্ষ, বিজেপিতে লোক নেই। তাই সাংগঠনিক কাঠামো তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দেখার পরে অনেকেই আর বিজেপি করার সাহস দেখাচ্ছে না। যদিও জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, বিজেপি একটা সংগঠন নির্ভর দল। এখানে একজনের সিদ্ধান্তে কিছুই হয় না। দল সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নেবে। তৃণমূলের মতো আমাদের পরিস্থিতি নয়। তৃণমূলে যে সবচেয়ে বেশি তোলা দেবে, তার সবচেয়ে বড় পদ। সামনের নির্বাচনে তৃণমূলকে মানুষ যোগ্য জবাব দেবে।

Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পর থেকে বেশ কোণঠাসা গেরুয়া শিবির। বিজেপি নেতাকর্মীরা চাইছেন, দলে বড় আকারের রদবদল হোক। কারণ, জেলা কমিটিতে সর্বজনগ্রাহ্য নেতারা এলে গোষ্ঠী কোন্দল কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে নতুন নেতাকর্মীরা কোন পক্ষ নেবেন তা ভেবেই আকুল। তার কারণ, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপিতে চারটি লবি রয়েছে। কোন লবিতে গেলে ভবিষ্যতে সুবিধে হবে তা স্থির করে উঠতে পারছেন না তাঁরা। এই লবিবাজির জেরেই পিছিয়ে পড়ছে বিজেপি। জানা গিয়েছে, শেষ কয়েকটি নির্বাচনে গ্রামীণ এলাকায় বিজেপির সংগঠনের কঙ্কালসার চিত্র সামনে এসেছে। ১০ শতাংশের বেশি ভোট কমেছে বহু এলাকায়। কিন্তু দলের এই হতশ্রী অবস্থাতেও সংগঠন মজবুত করার তেমন উদ্যোগ নিতে ব্যর্থ বিজেপি। এক বিজেপি নেতা বলেন, বিজেপির নেতাকর্মীরা নাম বাছতেই হিমশিম খাচ্ছে। ক্ষমতায় আসার আগেই দলটা গোষ্ঠী কোন্দলে ভরে গিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই সময়ে অন্যান্য দল অল্পবিস্তর নানা কর্মসূচি পালন করলেও বিজেপি করতে পারছে না। খুব দ্রুত জেলা সভাপতির নাম ঘোষণা করা দরকার। দাঁতন, নারায়ণগড় ছাড়াও মেদিনীপুরেও মণ্ডল গঠন হয়নি। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, অন্য দলের বিষয়ে বলা ঠিক নয়। কিন্তু এটা মানতেই হবে, রাজ্যের কোনও জায়গায় মানুষ বিজেপিকে পছন্দ করছে না। আসলে বিজেপি মানুষের জন্য কী করেছে বলতে পারবে না। ওদের অস্ত্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, আর আমাদের অস্ত্র উন্নয়ন। এখানেই পার্থক্য রয়েছে। তাই মানুষ আমাদের সঙ্গেই থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ