নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর বাংলায় ভোট। তৃণমূলকে কোণঠাসা করতে এখন থেকে ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি। অথচ সেই সক্রিয়তার মধ্যেই বিজেপি এমপি বিপ্লবকুমার দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। যা দৃশ্যত অস্বস্তিতে ফেলেছে বিজেপি এমপি, মন্ত্রীদের। সংসদে অতিরিক্ত বাজেট বরাদ্দ ও মণিপুরের বাজেট নিয়ে আলোচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, মোদি সরকার ক্ষমতায় এসে দেশের উচ্চশিক্ষায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের প্রবেশের সুযোগ করে দিয়েছে। বাজেটে ১০ হাজার এমবিএ আসন বৃদ্ধির কথা বলা হয়েছে। এই আসন বৃদ্ধি থেকে সবথেকে বেশি উপকৃত হবে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। বিপ্লব দেবের ভাষণের সময় শিক্ষায় বরাদ্দ ও বঞ্চনা সংক্রান্ত প্রসঙ্গ তুলে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যেপাধ্যায় প্রশ্ন করেন। এই সময়ই তাঁকে লক্ষ্য করে বিপ্লব বলেন, দিদি বুঝবেন গরিবের সমস্যা কী। গরিবের কী কী উপকার হবে। দিদি নিজেই গরিব। তিনি গরিব পরিবার থেকে উঠে এসেছেন।



