Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজেপির ‘বি টিম’ সপা: আদিত্য থ্যাকারে

বিজেপির ‘বি টিম’ সপা: আদিত্য থ্যাকারে
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: মহারাষ্ট্রে কখনও কখনও ‘বিজেপির বি টিম’ হিসেবে কাজ করে সমাজবাদী পার্টি। রবিবার এই ভাষাতেই অখিলেশ যাদবের দলকে আক্রমণ করলেন উদ্ধবপন্থী শিবসেনা বিধায়ক আদিত্য থ্যাকারে। তবে এও স্পষ্ট করে দিয়েছেন যে সপা প্রধানের উদ্দেশে এই মন্তব্য তিনি করেননি। উদ্ধব-পুত্রের কথায়, ‘অখিলেশজি লড়াই করে চলেছেন। তবে এখানে সমাজবাদী পার্টি মাঝেমধ্যে বিজেপির বি টিমের মতো আচরণ করে। আগেও একাধিকবার তা দেখেছি।’
Advertisement
শনিবার মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোট ছাড়ে সমাজবাদী পার্টি। সমস্যার কেন্দ্রে বাবরি মসজিদ ইস্যু। সম্প্রতি সংবাদমাধ্যমে বাবরি ধ্বংসের পক্ষে বিবৃতি দিয়েছিলেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা মিলিন্দ নারভেকর। যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন সপা’র মহারাষ্ট্র রাজ্য সভাপতি আবু আজমি। তাঁর তোপ, ‘এমভিএ জোটের সদস্য এই ভাষায় কথা বললে তাদের সঙ্গে বিজেপির ফারাক কোথায়? আমরা তাদের সঙ্গে থাকব কেন?’ রবিবার অখিলেশ যাদবের দলকে পাল্টা জবাব দিলেন আদিত্য। উদ্ধব-পুত্রের বক্তব্য, ‘কখনও বলিনি যে আমরা হিন্দুত্ববাদী নই। আমাদের হিন্দুত্ব হৃদয়ে রয়েছেন রাম। এই হিন্দুত্ব সবাইকে সঙ্গে নিয়ে চলে। কোনও বি টিমকে সেটা শেখাতে হবে না। উদ্ধব থ্যাকারে সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’ আদিত্যর এই মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি সপা বিধায়ক রইস শেখ। তিনি বলেন, ‘আমরা দু’টো প্রশ্ন করেছিলাম। প্রথমত, আপনারা কি গোঁড়া হিন্দুত্ববাদী মতাদর্শের দিকে এগিয়ে যাচ্ছেন? আর দ্বিতীয়ত, আপনাদের ভোট কে দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর না দিতেই এক গুরুতর অভিযোগ করেছেন আদিত্য। এটা ঠিক নয়। আমরা এর বিরোধিতা করি। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব।’
সম্পর্কিত সংবাদ