দলের কর্মীকেই মারধরের অভিযোগ, গ্রেপ্তার বিজেপির যুবনেতা
  • ১০ অক্টোবর, ২০২৬ ১৩:১৭
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বীরভূমে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। জমি বিবাদকে কেন্দ্র করে নিজের দলেরই এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদলের যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে ইলামবাজার থানার পুলিশ। ধৃতের নাম সাদ্দাম হোসেন। তিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক। আজ, শনিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জমি মাপা সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় এক বিজেপি কর্মীর সঙ্গে সাদ্দামের তীব্র বচসা বাধে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই কর্মীর উপরে অভিযুক্ত চড়াও হয় বলে অভিযোগ। মারধর করার অভিযোগও উঠেছে সাদ্দামের বিরুদ্ধে। এরপরে আক্রান্ত বিজেপি কর্মী ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।


রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছে বীরভূম। গত কয়েকদিন আগে ইলামবাজারে প্রাক্তন ও বর্তমান মণ্ডল সভাপতির কাজিয়ায় রক্তারক্তি কাণ্ড হয়। জেলা নেতৃত্বের তরফে এই ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হলেও, বাস্তবে কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছে সাদ্দাম হোসেন। এদিনে দলের অন্দরে বিস্তর জলঘোলা হয়। কিন্তু দলীয় কর্মীর উপরে হামলার দায়ে তাঁকে পুলিশ গ্রেপ্তার করায় স্বভাবতই ফের তীব্র অস্বস্তিতে পড়েছে পদ্ম পার্টির জেলা নেতৃত্ব।