সংবাদদাতা, বারুইপুর: সাধারণতন্ত্র দিবসের দিন বারুইপুরে বন্দুক থেকে গুলি চালিয়ে বিতর্কে জড়ান যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব সভাপতি মলয় চট্টোপাধ্যায়। বন্দুক চালানোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই বারুইপুর থানার পুলিস যুব নেতার বন্দুক বাজেয়াপ্ত করল। পাশাপাশি, তাঁকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বারুইপুর নগর মণ্ডলের উদ্যোগে সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা যায়, যুব জেলা সভাপতি শূন্যে গুলি চালাচ্ছেন। এই ছবি ভাইরাল হতেই রাতারাতি তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, কীভাবে যুবক বন্দুক পেল তা পুলিস খতিয়ে দেখুক। এছাড়া সাধারণতন্ত্র দিবসের দিন ওই ঘটনার সময় যারা ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তবে বিজেপি জেলা যুব সভাপতি মলয় বলেন, সেদিন এয়ারগান ব্যবহার করা হয়েছিল। আমি কোনও ভুল করেছি বলে মনে করছি না। পুলিস যদি ব্যবস্থা নেয় নিক। আমার আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে।



