ভুবনেশ্বর: আদিবাসী তরুণীকে নিগ্রহের অভিযোগে উত্তাল বিজেপি শাসিত ওড়িশা। অভিযোগ, ২০ বছরের ওই তরুণীকে নিগ্রহের পর তাঁর মুখে মল লেপে দেওয়া হয়। গত ১৬ নভেম্বর বলাঙ্গীর জেলার বঙ্গমুণ্ড থানার জুড়াবান্ধা গ্রামে ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয় বুধবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার তরুণীর জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে অন্য জমিতে যাচ্ছিল অভিযুক্ত। ফসলের ক্ষতি হওয়ায় এর প্রতিবাদ করেন নির্যাতিতা। এরপর তরুণীকে মারধর করে অভিযুক্ত। শুধু তাই নয়, তরুণীর মুখে মল লেপে দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁকে বাঁচাতে ঘটনাস্থলে হাজির হন তরুণীর কাকিমা। তাঁকেও নিগ্রহের শিকার হতে হয় বলে জানা গিয়েছে। বুধবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেডি। দলের সাংসদ নিরঞ্জন বিসির অভিযোগ, ‘পুলিস কোনও ব্যবস্থাই নেয়নি। তাই আদিবাসীরা ক্ষুব্ধ। এরপর বঙ্গমুণ্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাজ্য সরকারকে তার দায়িত্ব নিতে হবে।’



