নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার বিভিন্ন ইস্যুতে কোচবিহারে জেলাশাসকের দপ্তর অভিযানে শামিল হল বিজেপি। অভিযান ঘিরে যাতে কোনও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় সেজন্য সাগরদিঘি চত্বরে ব্যাপক পুলিসি নিরাপত্তা ছিল। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, তিন বিধায়ক মালতী রাভারায়, সুকুমার রায় ও নিখিলরঞ্জন দে সহ কয়েকশ নেতা-কর্মী মিছিলে অংশ নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছলে পুলিস তাঁদের বাধা দেয়। ঘটনাস্থলে বসে পড়েন বিজেপি কর্মী- সমর্থকরা। এরপর জেলাশাসকের দপ্তরে ঢোকেন দলের জেলা সভাপতি, বিধায়ক ও কর্মকর্তারা। সেখানে প্রশাসনের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক আধিকারিক। স্মারকলিপি প্রদান করে বেরিয়ে আসার পর বিজেপির জেলা সভাপতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে এলে তিনি নিজে তা নেন না। এদিন স্মারকলিপি প্রদানের পর বিজেপি কর্মীরা ফিরে যান। এই কর্মসূচিকে ঘিরে এদিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। - নিজস্ব চিত্র।



