নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি উপ নির্বাচনের প্রচারের শেষ। বুধবার ভোট। ঠিক এমন অবস্থায় বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। জীবনকৃষ্ণ দে নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন। জেটিয়া থানায় অভিযোগ নথিভুক্ত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ২ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন রূপক। অভিযোগকারী জীবনকৃষ্ণ দে সোমবার বলেন, আমাকে খুনের ভয় দেখিয়ে পোস্ট অফিস থেকে জোর করে সই করিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নিয়েছে। এই ব্যাপারে তাঁর বক্তব্য ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement
এই ঘটনায় নিন্দা করে তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, এটাই বিজেপির কালচার। মানুষকে প্রতারিত করা। অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করা হয়েছে। যে ভদ্রলোক অভিযোগ করেছেন, তিনি ২০১৫ সালে আমার বাড়িতে জঙ্গল কাটার কাজ করতেন। একদিন দেখি, আমার বাড়ির অনেক গয়না চুরি হয়ে গিয়েছে। বীজপুর থানায় অভিযোগ করি। পুলিসের সহযোগিতায় তার কাছ থেকে সেগুলি উদ্ধার হয়। চাকরি দেওয়া নাম করে টাকা নেওয়া হয়নি। সে চুরির টাকা ফিরিয়েছিল। ২০১৫ সালের ঘটনা, এখন থানায় অভিযোগ করে কী হবে? রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। কোনও লাভ হবে না। নৈহাটির মানুষ বুঝতে পারছেন। ইভিএম এ জবাব দেবে।



