নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোর অব্যবহিত পরেই হতে পারে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক। একইসঙ্গে হবে জাতীয় পরিষদের বৈঠকও। সূত্রের খবর, প্রথমবার বিজেপি সরকার গঠন হওয়া বাংলাতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করতে পারে দল। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সদ্যই নিজের নতুন কেন্দ্রীয় টিমের ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গত ২২ আগস্ট দলের সেই নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকও হয়েছে দিল্লিতে। কিন্তু সেইসময় বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতি কিংবা জাতীয় পরিষদের বৈঠক নিয়ে কোনো প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে উত্তরপ্রদেশ, গুজরাত সহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর ফলে বিজেপির আসন্ন জাতীয় কার্যনির্বাহী সভাপতি কিংবা জাতীয় পরিষদের বৈঠকও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে বিজেপির আরও এক সূত্রে দাবি করা হয়েছে যে, সাধারণত কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলে দলের জাতীয় কার্যনির্বাহী সমিতি কিংবা জাতীয় পরিষদের বৈঠক সেই রাজ্যে অনুষ্ঠিত হওয়ার এক প্রবণতা থাকে। সেক্ষেত্রে যদি কোনো কারণে বাংলায় তা আয়োজিত না হয়, তাহলে ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশ কিংবা গুজরাতেও এর আয়োজন করা হতে পারে।



