নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের আগে শেষ অধিবেশনে মিলল প্রত্যয়ী সুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের কণ্ঠে আবেগঘন বার্তা। তিনি একদিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূল বাংলার ক্ষমতায় আছে এবং তৃণমূলই থাকবে। বিজেপির বাংলা দখলের স্বপ্ন কোনোদিন বাস্তব হবে না। অন্যদিকে বর্তমান বিজেপি বিধায়করা বিধানসভা ভোটের পর ‘প্রাক্তন’ হয়ে যাবেন বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী ওইসঙ্গে তাঁদের সুস্থতা কামনা করেন।
কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। তার আগে এবারই শেষ বিধানসভার অধিবেশন। বৃহস্পতিবার পেশ হয় রাজ্য বাজেট। তার আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভাষণ দেন। রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেয় শাসক-বিরোধী দু-পক্ষই। বলা ভালো, ভোটের আগে এবারের অধিবেশন কক্ষ থেকেই আগামীর জয়ের প্রত্যয়ী সুর জানান দেন তৃণমূল বিধায়করা। তাঁদের শরীরী ভাষাই বুঝিয়ে দিচ্ছিল, তৃণমূল বাংলার মানুষের বিপুল সমর্থন নিয়ে আবারো ক্ষমতায় ফিরবে। কিন্তু উলটো দিকে বিজেপি শিবিরকে ম্রিয়মাণ দেখিয়েছে। বিজেপি বিধায়কদের মধ্যে সরকার-বিরোধী আগ্রাসী মনোভাব দেখা যায়নি। তা দেখে এক তৃণমূল বিধায়ক প্রকাশ্যেই খোঁচা দেন, সুপ্রিম কোর্টে জয় এবং তারপর জনমুখী রাজ্য বাজেটে ধরাশায়ী বিজেপি। ওরাও বুঝে গিয়েছে, বাংলায় বিজেপির ক্ষমতা দখল এবারের মতো উধাও।
ঘটনাচক্রে এই আবহ উঠেছে মমতার বক্তব্যেও। বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি জিরো ছিল, জিরোই থাকবে। বাংলার বিরুদ্ধে ওদের যাবতীয় চক্রান্ত, ষড়যন্ত্র ব্যর্থ হবে। কেন্দ্রের সব এজেন্সিকে কাজে লাগিয়েও লাভ হবে না। বাংলার মানুষ ওদের ধিক্কার জানাবে। কারণ বিজেপি বাংলার লজ্জা!
তৃণমূল অনেকদিন ধরেই বলে আসছে, বাংলার মানুষের সমর্থন তৃণমূলের প্রতি যেভাবে আসছে, তাতে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে নেমে যাবে। এমনকি তৃণমূলের কোনো কোনো নেতা এও বলছেন, আমরা পাব ২৫০ আসন। এই প্রেক্ষাপটেই বিধানসভায় এদিন মমতা বলেন, বিজেপির বাংলা দখল দিবাস্বপ্নই থাকবে। যারা দিল্লি সামলাতে পারছে না, ডবল ইঞ্জিন রাজ্য সামলাতে যাদের হিমশিম অবস্থা, তারাই আবার বাংলাকে টার্গেট করেছে! কিন্তু আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি।
যেহেতু বিধানসভা ভোটেই জয়-পরাজয় নির্ধারণ হবে। তাই বর্তমান বিধায়কদের মধ্যে কে কে পরের বার বিধানসভায় আসবেন, তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। তাই শেষ অধিবেশনে বিজেপি বিধায়কদের উদ্দেশে মমতার আবেগঘন বার্তা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু অনেক সিট হারবেন, এটাও জেনে রাখুন।