Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণেন্দুকে নিয়ে উল্টো সুর বিজেপি বিধায়ক অম্লানের

২৪ ঘণ্টা আগেই বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে নিয়ে তাঁদের ছুতমার্গ নেই

কৃষ্ণেন্দুকে নিয়ে উল্টো সুর বিজেপি বিধায়ক অম্লানের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ২৪ ঘণ্টা আগেই বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে নিয়ে তাঁদের ছুতমার্গ নেই। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলেই দরজার ছিটকিনি খুলে দেবেন তিনি। যদিও শুক্রবার ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি জানিয়ে দেন, বিজেপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া মোটেই সহজ নয়। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, কৃষ্ণেন্দুর জন্য বিজেপির দরজা বন্ধ। অম্লানের এই মন্তব্যের পরই জেলার রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি কৃষ্ণেন্দুকে দলে নেওয়ার প্রশ্নে জেলা বিজেপির অন্দরে মতানৈক্য দেখা দিয়েছে?

Advertisement

কৃষ্ণেন্দুকে দলে নেওয়ার প্রশ্নে বৃহস্পতিবার জেলা বিজেপির সভাপতি বলেন, অতীতে আমরা দেখিয়েছি, আমাদের বুক প্রশস্ত। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এবার কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবে, সেটাই হবে। শুধু তাই নয়, কৃষ্ণেন্দু যে ইংলিশবাজার শহরের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, সেটাও স্বীকার করে নেন অজয়। 
বড়ো ছাতায় যাওয়া নিয়ে কৃষ্ণেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে এদিন অবশ্য ইংলিশবাজারের বিধায়ক অম্লানের কটাক্ষ, উনি তো সবসময় বড়ো ছাতা খোঁজেন। তবে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যে দলেরই নেতা হোন না কেন, দুর্নীতিগ্রস্ত কারও বিজেপিতে ঠাঁই নেই। 
এক্ষেত্রে কৃষ্ণেন্দুকেও তিনি দুর্নীতিগ্রস্তদের তালিকায় ফেলছেন? প্রশ্নের উত্তরে ইংলিশবাজারের বিধায়কের বক্তব্য, কে কী করেছেন, মানুষ সব জানেন। তবে কৃষ্ণেন্দুর আমলে পুরসভায় যেসব কাজ হয়েছে কিংবা কাজের টেন্ডার হয়েছে, সেসবের ফাইল নিশ্চয়ই খোলা হবে। কোথায়, কী অনিয়ম হয়েছে, খতিয়ে দেখবে প্রশাসন। 
এদিকে, কৃষ্ণেন্দুকে দলে নেওয়া হলে বিজেপির নীচুতলায় যে বিদ্রোহ হতে পারে, তারও আভাস মিলতে শুরু করেছে। ইংলিশবাজার শহরের বিভিন্ন ওয়ার্ডে পদ্ম শিবিরের বুথ স্তরের কর্মীদের বক্তব্য, উপর তলায় সেটিং করে কৃষ্ণেন্দুকে দলে নেওয়া হলে তাঁদের বসে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তবে যাঁকে নিয়ে এত চর্চা, সেই কৃষ্ণেন্দু চৌধুরী অবশ্য বলছেন, আমি বড়ো ছাতায় যাব বলেছি। কিন্তু আমি তো বলিনি, কোন দলে যোগ দেব। এখনও পর্যন্ত আমার অবস্থান স্পষ্ট, তৃণমূল করছি না। আগামী দিনেও করব না। এবার ভবিষ্যতে কোন দল করব, সেটা সময় হলেই দেখতে পাবেন মালদহের মানুষ। পুরসভায় দুর্নীতির ফাইল খোলা নিয়ে বিজেপি বিধায়কের হুমকির পরিপ্রেক্ষিতে কৃষ্ণেন্দুর মন্তব্য, যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি আমি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ