মুম্বই: মহারাষ্ট্রে মহাযুতি সরকারের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কম টানাপোড়েন হয়নি। দপ্তর বন্টন নিয়েও অসন্তোষের খবর সামনে এসেছে। এবার জেলার গার্ডিয়ান মন্ত্রী নিয়ে শুরু হয়েছে শরিকদের মধ্যে দড়ি টানাটানি । থানের মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে নিজের দলের বিধায়ক বসাতে চাইছেন উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। কিন্তু মন্ত্রিসভার সদস্য গণেশ নায়েককে ওই পদে বসাতে চেয়ে উঠপেড়ে লেগেছে বিজেপি। অপরদিকে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও পুনে জেলার দায়িত্ব পেতে চাইছেন। অথচ শরিক দলের দাবি মানতে নারাজ বিজেপি। দুই জেলায় অভিভাবক মন্ত্রী হিসেবে দলীয় বিধায়কদের বসাতে চাইছে গেরুয়া শিবির। বিদ জেলার অভিভাবক মন্ত্রীও নিয়েও চর্চা চলছে। ৯ ডিসেম্বর মাসাজোগ গ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হন সরপঞ্চ সন্তোষ দেশমুখ। তিনি ছিলেন জেলার গার্ডিয়ান মন্ত্রী হওয়ার প্রধান দাবিদার। তিনি মারা যাওয়ার পর এনসিপির (অজিত গোষ্ঠী) মন্ত্রী ধনঞ্জয় মুন্ডেও ওই পদ চেয়ে সরব হয়েছেন। বিজেপি বিধায়ক তথা ধনঞ্জয়ের তুতোবোন পঙ্কজা মুন্ডেও একই দাবিতে সরব। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।



