সংবাদদাতা, দেওয়ানহাট: ফের বিজেপিতে বড়সড় ভাঙন। খোদ বিজেপি বিধায়কের নিজের অঞ্চল হাতছাড়া হল। বিজেপির দখলে থাকা অঞ্চলের প্রধান ও উপপ্রধান যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ফলে বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে আসল মাথাভাঙার লতাপোঁতা গ্রাম পঞ্চায়েত। আর সেইসঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের কোচবিহারে অনেকটাই ব্যাগফুটে গেল বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূলের পার্টি অফিসে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানেই তৃণমূলে যোগ দেন লতাপোঁতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী, উপ প্রধান উমাশঙ্কর বর্মন। তৃণমূলে যোগ দিয়ে প্রধান, উপপ্রধান বলেন, আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি মানুষের জন্য কাজ করতে। কিন্তু বিজেপিতে থেকে সেটা করতে পারছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম। যাতে এলাকার মানুষের উন্নয়নের পাশে দাঁড়াতে পারি। অভিজিৎ দে ভৌমিক বলেন, আগামী দিনে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূল লোকসভা ভোটের পর থেকে ভয় দেখিয়ে আমাদের দলের কর্মীদের জোর করে তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে। আগামী বিধানসভা ভোটে এর উত্তর পাবে তৃণমূল।
Advertisement
প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৩টি। এরমধ্যে বিজেপির দখলে ছিল ১৩টি আর তৃণমূলের দখলে ছিল ১০টি আসন। প্রধান ও উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২টি ও বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ১১টি।



