চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি: অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়কে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। আইবির দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের মন্ত্রক। বিজয়ের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইবি। তারপরেই তাঁকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে বিজয়ের নিরাপত্তায় সর্বদা মোতায়েন থাকবেন ৮ থেকে ১১ জন সিআরপিএফ জওয়ান। সঙ্গে থাকবেন সশস্ত্র এক বা দু’জন কমান্ডো। আর বিজয়কে কেন্দ্রের তরফে এই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার ঘটনা নিয়ে রাজনীতি শুরু করেছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। কেন রাজ্যের শাসকদল ডিএমকে বিজয়কে আগে নিরাপত্তা দেওয়ার কথা ভাবেনি? প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সদ্য রাজনীতিতে এসেছেন। খুলেছেন তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগাম’। ইতিমধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। কারণ বিজয় শুধুই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেই নন, গোটা ভারতেই জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছেন বিজয়। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন। তাতে তাঁর দল ভোটে লড়বে বলে আগেই জানিয়েছিলেন বিজয়।



