সংবাদদাতা, বজবজ: বজবজে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পুলিস ৪৩ জনের বিরুদ্ধে এফআইআর করলেও তাদের মধ্যে ৩৫ জনই অধরা। গত বুধবার বিকেলে কারখানা ও গুদামের কর্তৃত্ব কায়েমের পাশাপাশি ইমারতি সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে হিংসা ছড়ায় বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড ও উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকায়। তৃণমূল কাউন্সিলার লুৎফর হোসেন ও পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ হিরোর গোষ্ঠীই এই গণ্ডগোলের নেপথ্যে বলে অভিযোগ। সেদিন ওই ঘটনায় যথেচ্ছ বোমা, গুলি চলেছিল বলে খবর। জানা গিয়েছে, অধরাদের মধ্যে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, এখনও পর্যন্ত এই ঘটনায় মোট আটজন গ্রেপ্তার হয়েছে। বাকি অভিযুক্তরা এলাকাছাড়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, যে ৩৫ জন এখনও নাগালের বাইরে, তাদের পাকড়াও করার জন্য চার থেকে পাঁচটি টিম তৈরি করে অভিযান শুরু করেছে পুলিস। কর্তাদের ধারণা, নিশ্চিতভাবেই তারা জেলার বাইরে চলে গিয়েছে। তবে তারা বেশিদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না। ইতিমধ্যেই সম্ভাব্য কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে আর্জি জানিয়েছে পুলিসকে। প্রসঙ্গত, কয়েক বছর আগে বজবজ পুর এলাকার খড়িবেড়িয়ায় জোড়া খুনের তদন্তের কিনারা করেছিল পুলিস। ফলে অভিযুকরা সকলেই ধরা পড়েছিল। এখন অবশ্য তারা জামিনে রয়েছে।



