‘বিশ্ববাংলা শারদ সম্মান’ বদলে ‘দেবী দুর্গা সম্মান’, বাড়ছে পুরস্কার মূল্যও
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর:  বিগত সরকারের দেওয়া বিশ্ববাংলা শারদ সম্মান বদলে গেল ‘দেবী দুর্গা সম্মান’-এ। তৃণমূল জমানার তুলনায় বাড়তে পারে পুরস্কার মূল্যও। এই ঘোষণায় খুশি পশ্চিম মেদিনীপুরের পুজো কমিটিগুলি। বিগত বছরগুলির মতোই জেলা প্রশাসনের তরফে জেলার সেরা পুজোগুলিকে বেছে নেওয়া হবে। আগের মতোই সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা সমাজসচেতনতা- এই চারটি বিভাগে পুরস্কৃত করা হবে। পুরো বিষয়টি পরিচালনার দায়িত্বে থাকছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর দিন আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য জেলার সেরা নির্বাচিত পুজোগুলির নাম ঘোষণা করা হবে।

Advertisement

জেলার পুজো কমিটিগুলিকে উৎসাহ দানের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চালু করছিলেন সরকারি এই পুজো পরিক্রমা। নাম দিয়েছিলেন ‘বিশ্ববাংলা শারদ সম্মান।’’ অন্যান্য অনেক কিছুর মতোই তাঁর দেওয়া এই সাধের নামও বদলে দেওয়া হল বিজেপি সরকারের আমলে। তবে, শেষপর্যন্ত এবার পুজো সম্মান দেওয়া হবে কি না এনিয়ে চরম উদ্বেগের মধ্যে ছিলেন জেলার বড়ো বড়ো পুজো কমিটিগুলি। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, সৃজনশীলতাকে সম্মান জানানোর জন্য এবার পুজোয় আমরা একাধিক উদ্যোগ নিচ্ছি। পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং নারী শক্তির জয়গান করতেই বিভাগগুলির মধ্যে একটু অভিনবত্ব রাখা হয়েছে।
মঙ্গলবার তাঁদের উৎকন্ঠার অবসান ঘটে। পুজো পরিক্রমা সংক্রান্ত ‘সুখবর’ এসে পৌঁছায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। বুধবার দুপুরের মধ্যেই প্রায় ১৩০টি পুজো কমিটি আবেদন করে। গোপালী সর্বজনীনের চন্দন সূর, পিড়াকাটা বাজার দুর্গাপূজা কমিটির তরফে গৌতম দাস বলেন, অধীর অপেক্ষায় ছিলাম। বুধবার তড়িঘড়ি আবেদন করেছি। এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর পর্যন্ত জেলার সেরা পুজো কমিটিকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। সেরা মণ্ডপের জন্য তিনটি পুজো কমিটিকে ৩০ হাজার টাকা ও সেরা প্রতিমার জন্য তিনটি পুজো কমিটিকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও, সেরা সমাজ সচেতনতার বার্তা দেওয়ার জন্য তিনটি কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এবার এই পুরস্কার মূল্য কিছুটা বাড়তে পারে। তবে তা ঠিক কত হবে, এদিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।এদিকে, এবারই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফেও বেছে নেওয়া হবে জেলার সেরা পুজোগুলিকে। সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা মহিলা পরিচালিত পুজো, সেরা নান্দনিক পুজো ও সেরা প্রতিমা- এই চার বিভাগে পুরস্কৃত করা হবে পুজো কমিটিগুলিকে। চারটি বিভাগের চারটি সেরা কমিটিকে দেওয়া হবে ৭ হাজার ৫০০ টাকা করে। 
 মেদিনীপুরের কোতবাজারের প্রতিমা।-নিজস্ব চিত্র